রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলার সভাপতি মারসাদ আক্তার খুকিকে (৫৮) গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, আজ বেলা দেড়টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ৫ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেপ্তার মারসাদ আক্তার খুকি ইডেন মহিলা কলেজ ছাত্র সংসদের সহমিলনায়তন সম্পাদক ও ইডেন মহিলা কলেজ শাখার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।