হোম > রাজনীতি

আওয়ামী লীগ এক হাত তুললে যুবদল ১০ হাত তুলবে: মুন্না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সংগঠনটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুবদল মাঠে নামলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাড়ি-ঘরে থাকতে পারবেন না। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় এবং গণতান্ত্রিক উপায়ে সহনশীলতার সঙ্গে রাজনীতি করছে। তবে আওয়ামী লীগ একটি হাত তুললে যুবদল ১০টি হাত তুলবে।

আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত বিক্ষোভ-পূর্ব সমাবেশে আওয়ামী লীগের উদ্দেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আওয়ামী লীগের প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের সমালোচনা করে যুবদল সভাপতি বলেন, রাতের আঁধারে চোরের মতো একজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। যুবদল যদি পাল্টা অগ্নিসংযোগ শুরু করে, তবে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী নিরাপদে থাকতে পারবেন না।

মুন্না বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় এবং গণতান্ত্রিক উপায়ে সহনশীলতার সঙ্গে রাজনীতি করছে। তবে আওয়ামী লীগ একটি হাত তুললে যুবদল ১০টি হাত তুলবে।

বিগত সরকারের আমলে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের সন্ধান দাবি এবং খিলগাঁও থানা-ছাত্রদল নেতা জনি হত্যার বিচার চান যুবদল সভাপতি। তিনি বলেন, ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান জনগণকে বিপদের মুখে রেখে আত্মসমর্পণ করেছিলেন, আর মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। একইভাবে শেখ হাসিনাও দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী দেশে থেকেই জনগণের পাশে আছেন।

সমাবেশে যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেন, জনগণের কাছ থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা তৈরি হয়নি; বরং তারা চরম সন্ত্রাসের মাধ্যমে দেশের শান্তিপ্রিয় মানুষের ঘুম নষ্ট করছে।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে নয়ন বলেন, গণভবনের দুর্ভেদ্য প্রাচীর, কাঁটাতার কিংবা এসএসএফ বাহিনীর স্বয়ংক্রিয় রাইফেল—কোনো কিছুই তাঁকে রক্ষা করতে পারেনি।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে গুম ও খুনের শিকার নেতা-কর্মীদের পরিবার তাঁর কাছে স্বজনদের হিসাব চাইবে এবং শহীদের হত্যার বদলা নেওয়া হবে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলসহ ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতারা। সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড়, পুরানা পল্টন ও গুলিস্তান হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে মতিঝিলের বক চত্বরে গিয়ে শেষ হয়।