গণভোটের রায় বাস্তবায়ন, সকল গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামী ১৪ নভেম্বর রাজধানী ঢাকায় এই কর্মসূচি পালন করা হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর পল্টনের মুক্তাঙ্গন এলাকায় একই দাবিতে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়।
জোটের পক্ষ থেকে বলা হয়, বৃহত্তর গণ-আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আগামী ১৪ নভেম্বর শনিবার রাজধানীতে মহাসমাবেশ করা হবে।
এ ছাড়া আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসব্যাপী দেশের গুরুত্বপূর্ণ চারটি বিভাগ অভিমুখে লংমার্চের ঘোষণাও দেওয়া হয়েছে দলগুলোর পক্ষ থেকে। তারা জানায়, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ২০২৬, ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট মার্চ করা হবে।