জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান, ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ এইচ আরিফ ও ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্যরা।
আজ মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাঁরা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মোহাম্মদ নাদিমুর রহমান তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন। তাই তিনি সশরীর উপস্থিত হতে পারেননি। তবে অনলাইনে যুক্ত রয়েছেন। ওয়ারিয়র্স অব জুলাইয়ের প্রায় ৪ হাজার সদস্য এনসিপিতে যোগ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। তবে তাঁদের সবাই এ সময় উপস্থিত ছিলেন না। সংবাদ সম্মেলনে ওয়ারিয়র্স অব জুলাইয়ের ৫০ সদস্য ছিলেন বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন। তিনি বলেন, ‘হাজী শরীয়াতুল্লাহর উত্তরসূরি হওয়ার পরও আমি এনসিপিতে একজন কর্মী হয়ে কাজ করব।’
আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন বলেন, ‘হাজী শরীয়তুল্লাহ কোনো রাজা ছিলেন না, হাজী শরীয়াতুল্লাহ এ দেশের সাধারণ কৃষক জনগণের নেতা ছিলেন। নেতা আর রাজা হওয়ার মধ্যে পার্থক্য আছে। আমরা কোনো নেতার ইবাদত করি না। আমরা এই জন্য দল করি, যেন আমাদের নেতা যদি বিপথে চলে যায়, আমরা যেন সত্য বলে তাঁকে ফিরিয়ে আনতে পারি। আমরা এ জন্য দল করি, যদি আমাদের দলের ভুল সিদ্ধান্ত হয়, সেখানে যেন আমি ন্যায়ের পক্ষে কথা বলতে পারি। আমি অন্যায়ের বিপক্ষে যেন দাঁড়াতে পারি।’
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, দেশের পথ হারানো রাজনীতির হাল ধরবে এনসিপি। সংসদে প্রতারক, বিশ্বাসঘাতকতার পরিচয় দিচ্ছে বিএনপি। যার ফল ভালো হবে না। অবিলম্বে গণভোটের রায়কে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে বলেন, স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে তারা নিজেদের ভাগ-বাঁটোয়ারা আর লুটপাটের চাঁদাবাজির একটা সেক্টর বানানোর চেষ্টা করছে। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে সিটি করপোরেশন এবং উপজেলা ও পৌরসভা নির্বাচন দিতে হবে। এ বছরের মধ্যেই দিতে হবে।
দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘বর্তমান সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং সেটা তারা বুক ফুলিয়ে সংসদে দাঁড়িয়ে বলছেও। এটা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা দেখেছি যে বিগত সময়ে যারাই এভাবে প্রতারণার আশ্রয় নিয়েছে, রাজনৈতিক প্রতারণার আশ্রয় নিয়েছে, তারাই জনগণের দ্বারা নিক্ষিপ্ত হয়েছে।’
আসিফ মাহমুদ বলেন, ‘হুসাইন মুহম্মদ এরশাদ যেমন সারা দেশে প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন; তারেক রহমান ঠিক এরশাদের মতো রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন। তাঁরা বারবার গণতন্ত্রকে তাঁদের একমাত্র রাজনীতির বস্তু হিসেবে ব্যবহার করেছেন।’
সংবাদ সম্মেলনে নতুন যোগদান করা ব্যক্তিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় ৷