বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশের বিদ্যুৎ পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর দাবি, বিদ্যুতের পরিবর্তে মানুষের হাতে হারিকেন ও মোমবাতি তুলে দিয়েছে বর্তমান সরকার।
আজ শুক্রবার বিকেলে নোয়াখালী সুপার মার্কেটের সামনে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এতে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে মাইজদীর মফিজ প্লাজা থেকে পদযাত্রা শুরু হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতায় এসে মানুষের হাতে বিদ্যুতের পরিবর্তে হারিকেন ও মোমবাতি ধরিয়ে দিয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় আমরা সবাই বিদ্যুৎ নিয়ে প্রোপাগান্ডা করেছি। আগে মাঝে মাঝে বিদ্যুৎ যেত, এখন যায় না, মাঝে মাঝে আসে।’