জাতীয় স্বার্থে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নে কেউ অসন্তুষ্ট হলে তাকে ‘রাজশাহীর আম পাঠিয়ে খুশি করা হবে’।
আজ বুধবার জাতীয় সংসদের এলডি হলে বাজেট-পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিস্তা প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘আমরা চাই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হোক। জাতীয় স্বার্থে যে প্রকল্প প্রয়োজন, তা আমরা বাস্তবায়ন করব। আমাদের জাতির স্বার্থে আমাদের প্রকল্প বাস্তবায়ন করব। আমাদের বন্ধুরা খুশি হবে ইনশা আল্লাহ, কেউ বেজার হবে না। আর যদি কেউ বেজার হয়, তাহলে রাজশাহীর আম পাঠিয়ে তাদের খুশি করে ফেলব। আমার প্রকল্প আমি বাস্তবায়ন করব, আরেকজন কেন এখানে নাখোশ হবে? আমরা কি কারও প্রকল্প বাস্তবায়ন হলে নাখোশ হই?’
শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশ অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে বিশ্বাস করে না।
শফিকুর রহমান বলেন, ‘আমরা কেউ কারও অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাব না, হস্তক্ষেপ করব না। স্বাধীন পররাষ্ট্রনীতি সব দেশেরই থাকুক, আমরা তা সম্মান করি। আমাদের প্রতিবেশীদের আমরা সম্মানের দৃষ্টিতে দেখি এবং তাদের কাছ থেকেও আমাদের প্রাপ্য সম্মান প্রত্যাশা করি।’
বিএনপি-জামায়াতের সম্পর্ক নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের কোনো তলা নাই, আমাদের গলা আছে।’ রাজপথের বিরোধী দলের চলমান আন্দোলন সরকারের সঙ্গে কোনো সমঝোতার অংশ কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কোনো সমঝোতার আন্দোলন নাই।’