হোম > রাজনীতি

প্রধানমন্ত্রী ‘গ্রিন সরকার’ হিসেবে সমাদৃত: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করে তাঁকে ‘গ্রিন সরকার’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রিন সরকার হিসেবে জনগণের কাছে সমাদৃত। নির্বাচনের আগে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বিষয়ে প্রধানমন্ত্রী যেসব উদ্যোগের কথা জানিয়েছিলেন, সরকার গঠনের পর থেকেই সেগুলো বাস্তবায়নে কাজ করছেন।’

আজ মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

রিজভী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে গেছে। মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে মানবজাতি বিপন্ন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এ সম্মেলনে অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

বিএনপির এ ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা অংশ নিচ্ছেন। কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কমানোর উপায় নিয়ে তাঁরা আলোচনা করবেন। পাশাপাশি বিশেষজ্ঞরাও তাঁদের মতামত তুলে ধরবেন। এসব আলোচনার মধ্য দিয়ে বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় কার্যকর সমাধান বেরিয়ে আসবে বলে আশা করি।

রিজভী বলেন, ‘আমাদের সুন্দর এই পৃথিবীকে বাঁচাতে হবে। বিশ্ব উষ্ণায়নের কবল থেকে পৃথিবীকে রক্ষা করে বসবাসের উপযোগী করে তুলতে হবে। আগের পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে এ সম্মেলন যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আউয়াল, প্রেস সচিব সালেহ শিবলী এবং উপপ্রেস সচিব হাসান শিপলু।

এ ছাড়া সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরাও সফরে রয়েছেন। সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।