হোম > রাজনীতি

চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। এ নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি।

আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়। যাঁরা শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করেন, তাঁরা কখনোই চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে জড়িত হবেন না। এসব বিষয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হলেও সরকারকে শান্তিতে থাকতে দেওয়া হচ্ছে না। সরকারকে সফল হওয়ার পথে বাধা সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, গণতন্ত্র ও উন্নয়নের বিরুদ্ধে থাকা অপশক্তিগুলো নানান ষড়যন্ত্র শুরু করেছে।

নজরুল ইসলাম খান আরও বলেন, আমরা কারও কাছে হাত পাতি না। আমরা পরিশ্রমী মানুষ। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই জনগণের শান্তি ও সরকারের উন্নয়ন প্রয়াসকে যারা নষ্ট করছে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

এ সরকার সফল না বিফল তা নির্ধারণ করার সময় হয়নি—মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, এখনো মাত্র ১০ ভাগের এক ভাগ সময় পার হয়েছে মাত্র। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া বলেছিলেন—আমি একজন শ্রমিক এবং এ জন্য আমি গর্ববোধ করি। বিএনপি বরাবর গণতন্ত্র পুনরুদ্ধারকারী জনগণের পক্ষের দল। নেতা-কর্মীরা জেল খেটেছেন। মনে রাখতে হবে গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির জন্য ১৯৭১ সালে মানুষ রক্ত দিয়েছে। এরপরও ১৭ বছর আমাদের লড়াইয়ের ময়দানে থাকতে হয়েছে। ২৪-এ সবচেয়ে বেশি শহীদ হয়েছেন শ্রমজীবী মানুষ। আল্লাহর ওয়াস্তে এমন কিছু করবেন না, যেন আমাদের কমন প্রতিদ্বন্দ্বীরা সুযোগ পায়।