হোম > রাজনীতি

ইনফরমেশন আছে—১৯ তারিখ ঘিরে বড় নাশকতার পরিকল্পনা চলছে: সংসদে শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: ভিডিও থেকে নেওয়া

গোপালগঞ্জে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড প্রতিরোধে সরকারের দৃশ্যমান পদক্ষেপ চেয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমাদের কাছে এ রকম ইনফরমেশন আছে—আগামী ১৯ তারিখকে সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে।’

জামায়াতের এ নেতার দাবি, কার কার বাড়িতে আগুন দেওয়া হবে এবং কোথায় কোথায় আগুন দেওয়া হবে, তা আগেই ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার তৈরি পোশাক শিল্প খাতে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনার জন্য জাতীয় সংসদে আনা একটি প্রস্তাবের (সাধারণ) আলোচনায় এসব কথা বলেন শফিকুর রহমান।

সরকারের কাছে এ বিষয়ে তথ্য থাকার কথা—উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, পরিস্থিতি যদি বাস্তবে না ঘটে, তাহলে সেটি ভালো। তবে এ বিষয়ে সরকার ও সংসদের পক্ষ থেকে জনগণকে আশ্বস্ত করা প্রয়োজন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পরিস্থিতি সম্পর্কে বক্তব্যের আহ্বান জানান তিনি।

শফিকুর রহমান বলেন, গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতার ঘটনায় সরকারের দৃশ্যমান পদক্ষেপ হিসেবে ডিসি, এসপি ও তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করার বিষয়টি তাঁরা দেখেছেন। এর বাইরে আর কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চান বিরোধীদলীয় নেতা।

শফিকুর রহমান বলেন, গত কয়েক দিন ধরে জেলার বিভিন্ন স্থানে অস্থিরতা চলছে। আজ একটি থানায় মাইকে ঘোষণা দিয়ে ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে নিরীহ মানুষের জীবন, সম্পদ ও সম্মান এবং রাষ্ট্রীয় স্থাপনা ও জনবল সুরক্ষায় সরকার কী উদ্যোগ নিয়েছে, তা সংসদকে জানাতে হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে আবারও গোপালগঞ্জের পরিস্থিতির প্রসঙ্গ তোলেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ‘গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। সেখানে বহু নাগরিক, দেশপ্রেমিক, নিরীহ আছেন; তাঁদেরকে রক্ষা করা সরকারের এবং আমাদের সবার সামগ্রিক দায়িত্ব।’

নিজেকে ক্ষুদ্র চিকিৎসক উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘এই বিষফোড়ার পুঁজ যখন রক্তে চলে যায়, তখন গোটা দেহে ছড়িয়ে পড়ে। এই পুঁজ রক্তে যাওয়ার আগেই বিষফোড়াকে ওখানেই ট্রিটমেন্ট করতে হবে।’

শফিকুর রহমান বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা দেশকে ভালোবাসে না। সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করা, মানুষের জীবন কেড়ে নেওয়া কিংবা ঘোষণা দিয়ে ধ্বংসযজ্ঞ চালানোর বিষয়ে আর বসে থাকার সময় নেই। এসবের প্রতিকার করতে হবে।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘প্রতিকার চাই।’