বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমইএ) নেতারা। বৈঠকে প্যাকেজিং খাতের সমস্যা সমাধানে সংসদে কথা বলার আশ্বাস দিয়েছেন শফিকুর রহমান।
আজ রোববার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিপিএমইএ এবং জামায়াত নেতারা একটি সম্মিলিত সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে বিপিএমইএ সভাপতি মো. শাহরিয়ার বলেন, বিরোধীদলীয় নেতা আশ্বাস দিয়েছেন, প্যাকেজিং খাতের সমস্যা সমাধানে জাতীয় সংসদে কথা বলবেন তিনি। একইসঙ্গে খাতটির সম্ভাবনা কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করার আশ্বাসও দিয়েছেন তিনি।
বিপিএমইএ সভাপতি আরও বলেন, বিরোধীদলীয় নেতা তাঁদের কাছ থেকে তাঁদের খাতের সমস্যাগুলোর ব্যাপারে শুনতে চেয়েছেন। তিনি বলেন, ‘আমরা সমস্যাগুলো তাঁকে তুলে ধরেছি। এই সেক্টরের শুধু সমস্যাই উনি শোনেননি, এই সেক্টরের যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা নিয়েও জানতে চেয়েছেন। আমরা সম্ভাবনা নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছি। আমাদের যে সমস্যাগুলো ছিল, সেগুলো বলেছি, সম্ভাবনাও বলেছি।’
জামায়াত আমির বিপিএমইএ নেতাদের সমস্যাগুলো লিখিত আকারে চেয়েছেন জানিয়ে মো. শাহরিয়ার বলেন, ‘যাতে সংক্ষেপে জাতীয় সংসদ বা অন্যান্য জায়গায় আমাদের সমস্যাগুলো নিয়ে কথা বলা যায়। আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের সেক্টর নিয়ে যে কাজ করা প্রয়োজন, সে বিষয়ে আমরা তাঁকে লিখিতভাবে দেব।’
বিপিএমইএ সভাপতি বলেন, ‘আজকে বিরোধীদলের নেতা আমাদের ডেকেছেন, শুনেছেন। আমরা বলেছি, আমরা চাই আমাদের সেক্টর নিয়ে যারা আছি, আমরা ব্যবসায়ী। আমরা শুধু ব্যবসা করতে চাই। রাজনীতি নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। কেননা রাজনীতির কথা বলার কাজ রাজনীতিবিদদের, কোনো ব্যবসায়ীর না।’