ভারতে গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে চলমান তরুণদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি। একই সঙ্গে বিশিষ্ট ইউটিউবার ও অধিকারকর্মী ধ্রুব রাঠি, ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট নেতা-কর্মী ও বিপুলসংখ্যক তরুণ-তরুণীকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
আজ শনিবার যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
জাতীয় যুবশক্তি মনে করে, গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের নীতি, নির্বাচনব্যবস্থা কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কার্যক্রমের সমালোচনা করা এবং অনিয়মের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলা নাগরিকদের মৌলিক গণতান্ত্রিক অধিকার। এই অধিকার চর্চার কারণে আন্দোলনকারীদের আটক, ভয়ভীতি প্রদর্শন কিংবা প্রশাসনিক শক্তি প্রয়োগের মাধ্যমে তাঁদের কণ্ঠরোধের চেষ্টা কোনোভাবেই গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে নির্বাচনব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবিতে তরুণদের চলমান আন্দোলনের যৌক্তিক দাবিগুলোর প্রতি জাতীয় যুবশক্তি সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগ, ব্যাপক ধরপাকড় এবং নাগরিকদের শান্তিপূর্ণ সমাবেশ ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করছে সংগঠনটি।
জাতীয় যুবশক্তি মনে করে, তরুণ সমাজের ন্যায়সংগত দাবি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে দমন-পীড়নের মাধ্যমে স্তব্ধ করা যায় না। বরং এ ধরনের পদক্ষেপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা ও গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যেকোনো গণতান্ত্রিক সংকটের সমাধান হওয়া উচিত সংলাপ, স্বচ্ছতা, জবাবদিহি এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে—দমনমূলক পদক্ষেপের মাধ্যমে নয়।
জাতীয় যুবশক্তি অবিলম্বে আটককৃত আন্দোলনকারীদের আটকের আইনগত ভিত্তি প্রকাশ, তাঁদের আইনসম্মত অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে। যাঁদের আটকে রাখার কোনো বৈধ ভিত্তি নেই, তাঁদের নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন যুবশক্তির নেতারা। পাশাপাশি শান্তিপূর্ণ প্রতিবাদে অংশগ্রহণকারী তরুণ-তরুণীদের হয়রানি বন্ধ করে তাঁদের গণতান্ত্রিক অধিকার চর্চার পরিবেশ নিশ্চিত করার জন্য ভারতীয় কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে।
জাতীয় যুবশক্তি দৃঢ়ভাবে বিশ্বাস করে, গণতন্ত্রের শক্তি ভিন্নমতকে দমন করার মধ্যে নয়, বরং ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার সুরক্ষার মধ্যেই নিহিত। ভারতের তরুণ সমাজের ন্যায়সংগত গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি যুবশক্তির সংহতি অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।