জুলাইয়ের শক্তির সাথে আপনারা কখনো ভালো ব্যবহার করেননি—সরকারের উদ্দেশে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আজ মঙ্গলবার রাজধানীর মিরপুরে ‘আওয়ামী লীগের নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে’ দলের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।
জুলাইয়ের শক্তিগুলোকে প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বান জানানোর বিষয়টি উল্লেখ করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘কিন্তু আমরা এটাও বলতে চাই, জুলাইয়ের শক্তির সাথে আপনারা কখনো ভালো ব্যবহার করেন নাই। জুলাই শহীদ ও আহতরা এখন রাস্তায় ঘুরে। জাদুঘর যেটা করেছেন সেটা জুলাইয়ের জাদুঘর নয়, দলীয় জাদুঘর হয়ে গেছে। “সবার আগে বাংলাদেশ” না, এখন “সবার আগে বিএনপি” হয়ে গেছে।’
জুবায়ের বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রের সর্বস্তরে সংস্কার নিশ্চিত করা, যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে আগের ফ্যাসিবাদী ব্যবস্থার নমুনা জাতির সামনে তুলে ধরছে। মুখে শতভাগ সংস্কারের কথা বললেও বাস্তবে সরকার উল্টো পথে হাঁটছে।
জামায়াতের এই নেতা বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জেলা পরিষদ এমনকি ইউনিয়ন পরিষদ পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের বসানো হচ্ছে। তিনি বলেন, ‘এই বৈষম্যের বিরুদ্ধেই আমাদের আন্দোলন ছিল। আজকে আমরা আবার সেই বৈষম্য দেখতে পাচ্ছি।’
আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে জুবায়ের বলেন, ‘পৃথিবীর ইতিহাসে এইভাবে এত দীর্ঘ সময় ক্ষমতায় থেকে দলের প্রধান তাঁর নেতা–কর্মী, ক্যাবিনেট সবাইকে নিয়ে পালিয়ে যান—পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা খুব বিরল। ‘হাসিনা পালায় না’ বলছিলেন—কিন্তু এমন পালিয়ে গেছেন, ইতিহাসে এই ধরনের পালানোর দ্বিতীয় কোনো উদাহরণ আর নাই।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের বক্তব্যের সমালোচনা করে জামায়াতের সহকারী সেক্রেটারি বলেন, ‘সরকারের মন্ত্রীরা এ বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, দু-একটি ঘটনা ঘটলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না। কিন্তু কতগুলো ঘটনা ঘটলে পরিস্থিতির অবনতি হবে, তা তিনি স্পষ্ট করেননি।’ সংসদ সদস্যরা ঘরছাড়া, বাড়িছাড়া হচ্ছেন, সাধারণ মানুষের ওপর হামলা হচ্ছে—এরপরও সরকার কখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্বীকার করবে, সেই প্রশ্ন তোলেন তিনি।
জুবায়ের অভিযোগ করেন, ‘ফ্যাসিবাদের সহযোগীরা এখনো প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন। সরকারি দল তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।’
এ ধরনের ‘দ্বিচারিতা’ থেকে সরকারকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা মানুষ হত্যা, গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে এবং দেশের অর্থনীতি ও ব্যাংকব্যবস্থা ধ্বংস করেছে, তাদের সঙ্গে কোনো আপস করা হবে না।
দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ফখরুদ্দিন মানিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম ভুইয়া, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নাসির উদ্দীন প্রমুখ।