হোম > রাজনীতি

৫ আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে ভোটের দিন: শফিকুর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তাঁর নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন। গতকাল রাজধানীর উত্তর কাফরুলে। ছবি: আজকের পত্রিকা

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ১২ তারিখ বারবার ফিরে আসবে না। ৫ আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে ১২ তারিখের নির্বাচনে। জনগণ সেদিন দুর্নীতিবাজ-চাঁদাবাজ-ঋণখেলাপিদের লাল কার্ড দেখাবে।

রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে গতকাল রোববার সকালে ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন।

বড় বড় ব্যবসায়ীর বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে কোটি কোটি টাকা দাবি করা হচ্ছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘যারা গত দেড় দশক দেশের মাটিতে ছিল না, পালিয়ে নিরাপদ আশ্রয়ে ছিল, ফিরে এসে তারাই এখন মামলা-বাণিজ্য করছে। ৬ আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত এসব অপকর্ম বন্ধ হয়নি।’ সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, এমনকি ফুটপাতে ভিক্ষা করা মানুষও চাঁদাবাজির শিকার হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

শফিকুর রহমান আরও বলেন, ‘একটি দল মাঝেমধ্যে বলে, ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরবে। ঋণখেলাপিদের বগলের নিচে আশ্রয় দিয়ে আপনারা দুর্নীতি বন্ধ করবেন কীভাবে!’

ঢাকা-১১ আসনের ভোটের বিষয়ে জামায়াতের আমির বলেন, ‘এ আসনে দুজন প্রার্থী আছেন। দুজনকেই আপনারা চেনেন। নাহিদ ইসলামের জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে।

আমি মায়ের কাছে মাসির গল্প শোনাতে চাই না। আমার থেকে নাহিদকে আপনারা ভালো চেনেন। এটা বলতে চাই, ইনসাফের বাংলাদেশে জনগণের রায় এবং আল্লাহর মেহেরবানিতে যদি বিজয় অর্জিত হয়, সেই সরকারে নাহিদ ইসলামকে অবশ্যই আপনারা একজন মন্ত্রী হিসেবে দেখতে পাবেন। আমরা হাতে হাতে ধরে কাজ করব।’

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার প্রসঙ্গ টেনে জামায়াতের আমির বলেন, ‘আবরার ফাহাদ, হাদি তোমাদের কাছে আমরা ঋণী। আমরা সুযোগ পেলে, তোমরা যেমন বাংলাদেশ চেয়েছিলে, তেমনি উদ্দীপ্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব।’

জাতির ভাগ্য বদলের জন্য ৫টি বছর যথেষ্ট মন্তব্য করে জামায়াতের আমির বলেন, ‘আমরা কোনো ভুল আশ্বাস দেব না। যা বলব তা জানপ্রাণ দিয়ে পালনের চেষ্টা করব ইনশা আল্লাহ। আমরা ৫৬ হাজার বর্গমাইলের প্রতি ইঞ্চি মাটির পাহারাদার হব ইনশা আল্লাহ।’

ঢাকা-১১ আসনের ভোটারদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘জুলাইয়ে যাঁরা পাহারাদার ছিলেন, ১২ তারিখও আপনারা পাহারাদার হবেন। আমাদের কাছে আপনাদের ১টা ভোট গুরুত্বপূর্ণ, আমাদের কাছে ১টা আসনও গুরুত্বপূর্ণ।’

এ ছাড়াও গতকাল সন্ধ্যা ৬টায় নিজের নির্বাচনী আসন ঢাকা-১৫তে গণসংযোগ করেন জামায়াতের আমির।

চ্যালেঞ্জের মুখে বড় নেতারাও

এমন কোনো প্রতিশ্রুতি দিইনি, যা সম্ভব নয়: তারেক রহমান

ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

১৯৯১ সাল থেকে প্রকাশিত বিভিন্ন দলের নির্বাচনী ইশতেহার নিয়ে ওয়েবসাইট

প্রশাসন একদিকে হেলে পড়েছে: জামায়াত

বিভিন্ন বাহিনীর ভেতরে লুকিয়ে থাকা সকল অপরাধীকে শনাক্ত করা হবে: নাহিদ ইসলাম

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান

একনজরে বাংলাদেশের যত জাতীয় নির্বাচন ও ফলাফল

ঢাকায় অন্তত ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসিবি চত্বর থেকে ঢাকার পথসভা শুরু করছেন তারেক রহমান