বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা ও সরকারের দুই মন্ত্রী মিজানুর রহমান মিনু ও ড. আব্দুল মঈন খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে রাজশাহী থেকে ঢাকায় এনে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুকে ব্যথা নিয়ে গতকাল বুধবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) ভর্তি হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
আজ বৃহস্পতিবার দুপুরে পিজি হাসপাতালে গিয়ে মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। একই দিন বেলা ২টার দিকে এভারকেয়ার হাসপাতালে গিয়ে ড. আব্দুল মঈন খানকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গতকাল বুধবার তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ বৃহস্পতিবার তাঁকে ঢাকার পিজি হাসপাতালে আনা হয়।
অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান গতকাল বুধবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে সিসিইউতে ভর্তি করা হয়।
দুই নেতার পরিবারের সদস্য, দল ও সরকারের পক্ষ থেকে তাঁদের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।