ফ্যাসিবাদ মোকাবিলায় রাষ্ট্রের পুরোনো ক্ষমতা-কাঠামোর পরিবর্তন এবং জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, শুধু ক্ষমতার পালাবদল নয়, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে রাষ্ট্রব্যবস্থার রূপান্তর ও রাষ্ট্র পরিচালনায় জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
স্বপন বলেন, ফ্যাসিবাদবিরোধী সংগ্রামকে নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত করতে হবে। রাজনৈতিক সহিংসতা, প্রতিহিংসা, দখলদারত্ব ও ভীতির রাজনীতি বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় সব রাজনৈতিক পক্ষকে সংযম ও দায়িত্বশীল আচরণ করতে হবে। জনগণের নিরাপত্তা ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
দলের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া বলেন, জুলাই গণ-অভ্যুত্থান রাষ্ট্র রূপান্তরের যে সম্ভাবনা তৈরি করেছে, তা বাস্তবায়নে জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকর করা জরুরি। এ সংগ্রাম কোনো একক দল বা গোষ্ঠীর নয়; বৃহত্তর জনগণের ঐক্য ও অংশগ্রহণের ভিত্তিতে তা এগিয়ে নিতে হবে।
স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট কে এম জাবির বলেন, ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধকে রাষ্ট্র রূপান্তরের বৃহত্তর গণতান্ত্রিক সংগ্রামের সঙ্গে যুক্ত করাই বর্তমান সময়ের রাজনৈতিক কর্তব্য।
জেএসডি ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক এস এম সামছুল আলম নিক্সন, শ্রমিক নেতা এম এ আউয়াল, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, যুব বাঙালির কেন্দ্রীয় নেতা আমান উল্ল্যা অয়ন, সুমন খান ও সৈয়দ ওমর ফারুক সেলিম প্রমুখ।