নির্বাচনের আট মাস পরও দেশে অস্থিতিশীলতার জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান।
আজ মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে সভাপতির বক্তব্যে গাজী আতাউর রহমান এসব কথা বলেন।
গাজী আতাউর রহমান বলেন, ‘পতিত ফ্যাসিবাদ গোপালগঞ্জে যে সহিংসতা করেছে তার তাৎপর্য এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। সর্বত্র এই বার্তা গিয়েছে যে, পতিত স্বৈরতন্ত্র এখনো রাজনীতিতে প্রাসঙ্গিক, তারা দেশ অস্থিতিশীল করতে পারে।’
এমন পরিস্থিতি দেশের বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করবে এবং কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেন গাজী আতাউর রহমান। তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের পরে দেড় বছর আর নির্বাচনের পরে আট মাস চলে গেলেও দেশ এখনো স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা।
গাজী আতাউর বলেন, সরকার এখন শত শত পুলিশ কর্মকর্তার ওপরে নজরদারি করছে বলে জানা যাচ্ছে। এই কাজ ক্ষমতাসীন হওয়ার সঙ্গে সঙ্গেই করা দরকার ছিল। এখন এই ধরনের নজরদারি আইন-শৃঙ্খলার বাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি করবে।
বাইরে থেকে যারা উসকানি দিচ্ছে তাদের বিরুদ্ধে সরকারের মধ্যে গা-ছাড়া মনোভাব দেখা গেছে বলেও অভিযোগ করেন ইসলামী আন্দোলনের মহাসচিব। তিনি বলেন, ‘এখন তা বুমেরাং হয়ে দেখা দিয়েছে। আমরা অতীতের মতো আবারও বলছি যে, পতিত ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচারের কাজ ত্বরান্বিত করুন, পালাতক অপরাধী আটক করতে দ্রুত পদক্ষেপ নিন।’
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, কে এম আতিকুর রহমান প্রমুখ।