১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা ও ২০২৪ সালের ৫ আগস্টের ‘রেজিম চেঞ্জ অপারেশন’ একই সূত্রে গাঁথা বলে জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ শনিবার বিকেলে রাজধানীর গুলিস্থানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা জানান নেতারা।
এ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, ১ মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করে জাতীয় শোক দিবস পালন করেছে দলটি।
জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য সরদার হুমায়ূন কবির প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৫ আগস্ট সপরিবার বঙ্গবন্ধু হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের জাতীয় ইতিহাসই না, বিশ্বের রাজনৈতিক ইতিহাসে একটি কালো দিন, কলঙ্কিত দিন, সবচেয়ে বড় বিয়োগান্ত ঘটনা।
জাসদ নেতাদের দাবি, ‘বাংলাদেশের জন্মশত্রু, চিরশত্রুরা ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। সেই একই শক্তি ২০২৬ এর জুলাইয়ে মেটিক্যুলাস ডিজাইনে কোটা আন্দোলনের ছদ্মবেশে ৫ আগস্ট রেজিম চেঞ্জ অপারেশনের ঘটিয়েছে।’
বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন গুঁড়িয়ে দেওয়া, বঙ্গবন্ধুর ভাস্কর্য ম্যুরাল গুঁড়িয়ে দেওয়ার ঘটনাই প্রমাণ করে ১৫ আগস্ট ও ৫ আগস্ট সেই একই রাজনৈতিক শক্তি বাংলাদেশের জন্মশত্রু-চিরশত্রুদের কাজ। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে, প্রতিহিংসা চরিতার্থ করছে।