সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণের প্রতি সরকারের দায়িত্বহীনতায় সৃষ্ট সংকট বিরোধী দলের ওপর চাপানোর অপকৌশল নিয়ে এগোচ্ছে। দেশে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির দায় বিরোধী দলের ওপর চাপানোর সরকারের দুরভিসন্ধিমূলক মনোবাসনা পূরণ হবে না।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান পরওয়ার।
বিবৃতিতে জামায়াতের এ নেতা বলেছেন, ‘আমরা মনে করি, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, হামলা, বিস্ফোরণ সরকারকে কঠোর হাতে দমন করতে হবে। তা না হলে এর ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে।’
সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করা, গণভোটের গণরায় বাস্তবায়ন না করা এবং সংবিধান সংস্কার ও রাষ্ট্র কাঠামোয় সংস্কার না করার ফলে ফ্যাসিস্টরা এমন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের বিস্ময়কর নিষ্ক্রিয়তা ও পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো ফ্যাসিস্টদের পক্ষে সম্ভব নয়। এ জন্য বিএনপি সরকার এসব সন্ত্রাসী কার্যক্রমের দায় এড়াতে পারে না।
মিয়া গোলাম পরওয়ার বলেন, পতিত ফ্যাসিস্ট ও আওয়ামী সন্ত্রাসীরা রাজধানী ঢাকাসহ সারা দেশে ককটেল বিস্ফোরণ, বাস ও অন্যান্য গণপরিবহনে অগ্নিসংযোগ করে জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে। কিন্তু সরকারের আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা তা দমনে ব্যর্থ হচ্ছে।
সরকারের পক্ষ থেকে এসব মোকাবিলা করতে না পারা এবং সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা জানান তিনি।
দেশের স্থিতিশীলতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। তাঁর অভিযোগ, ‘দায়িত্বশীল বিরোধী দল’ হিসেবে জামায়াতে ইসলামী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও অধিকার প্রতিষ্ঠায় নানাভাবে সমালোচনা, সহযোগিতা ও পরামর্শ দিলেও সরকার তাতে কর্ণপাত করছে না। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকট আরও গভীর হয়েছে।