হোম > রাজনীতি

সীমান্ত হত্যা চলতে থাকলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

লালমনিরহাট প্রতিনিধি 

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘সীমান্ত হত্যা চলতে থাকলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। না হলে আমাদেরকে দায়িত্ব দেন, আমরা সীমান্ত হত্যা বন্ধ করব। অস্ত্র না থাকলেও আমরা বাঁশ হাতে নিয়ে রেডি হব সীমান্তে। কোনো ভারতীয় বাহিনীকে অনুপ্রবেশ করতে দেব না।’

আজ মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুলের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিএসএফ গুলি করে বাংলাদেশি হত্যা করে আর বিজিবি প্রেস রিলিজে ভারতীয় বয়ান উল্লেখ করে। আমরা মনে করি, বাংলাদেশের মানুষ চোরাচালান করতে পারে না। বাংলাদেশের সকল মানুষ অত্যাচার-নির্যাতনের শিকার। আমরা সীমান্তের শহীদদের পাশে থাকব। আমরা যদি সরকার গঠন করতে পারি, এ মানুষগুলোর জন্য ফাউন্ডেশন গঠন করে দেব। সীমান্তে শহীদদের সরকারিভাবে ক্ষতিপূরণ দিতে হবে। মাছ ধরতে যাওয়া বাংলাদেশি খাদেমুলকে বিএসএফ গুলি করে শহীদ করেছে।’

নাসীরুদ্দীন আরও বলেন, ‘পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যের সীমান্তে অস্থিরতা বিরাজ করছে। সে জায়গা থেকে আমরা সরকারকে বলব, রেড অ্যালার্টে যাওয়ার জন্য; সীমান্তবাসীকে বলব সংঘবদ্ধ হওয়ার জন্য।’

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ইতিহাস থেকে চিন্তা করলে দেখা যায়, জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন। ওই সময় শেখ মুজিবের সাথে গুন্ডা বাহিনী ভারতে পলাতক ছিল। সেখান থেকে তারা জিয়াউর রহমান সরকারকে ডিস্টার্ব করেছিল। একই কায়দায় শেখ হাসিনা ভারতে থেকে বাংলাদেশের মানুষকে ডিস্টার্ব করে যাচ্ছে এবং তারা ওই দেশের পশ্চিমবঙ্গ সরকারের সাথে মিলে সীমান্তে হত্যাযজ্ঞ চালাচ্ছে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সরকারকে বলব সকল ধরনের পুশ ইন বন্ধ করার জন্য। সীমান্তবাসীকে সজাগ থাকার জন্য, রাতে বাঁশ নিয়ে পাহারা দেওয়ার জন্য। যাতে ভারত থেকে তারা কাউকে পুশ ইন করাতে না পারে। রোহিঙ্গা নিয়ে আমরা ঝামেলায় আছি, নতুন করে ঝামেলা নিতে চাই না।’

গণভোট প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন করুন, আপনারাও ভালো, আমরাও ভালো। আর গণভোটের রায় বাস্তবায়ন না করলে এই সরকার থাকতে পারবে না। এই সরকার নতুন কিছু সৃষ্টি করতে পারছে না।’

সাংবাদিক নিপীড়ন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সাংবাদিকদের ওপর এখনো নিপীড়ন চলছে। আগে করত শেখ হাসিনা সরকার; এখন করছে বর্তমান সরকার। সব সাংবাদিকের মিথ্যা মামলা থেকে মুক্তি দিতে হবে।

এ সময় এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক রাসেল আহমেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী প্রথমে সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুলের বাড়িতে যান। তাঁদের খোঁজখবর নেন। পরে তাঁর কবর জিয়ারত করে হাতীবান্ধা ত্যাগ করেন।

উল্লেখ্য, ১৪ মে হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে স্থানীয় যুবক খাদেমুল নিহত হন।

সেতুমন্ত্রীর সফরে বাউফলে বিএনপি-জামায়াত হাতাহাতি

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ওপরে ঠিকঠাক, ভেতরে সদরঘাট: আযাদ

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন

সিইসির সামনে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

শাহ আলী মাজারে অপ্রীতিকর ঘটনায় ছাত্রশিবিরকে জড়ানোর প্রতিবাদ

দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে সংবিধান সংশোধনী টিকবে না: জি এম কাদের

কারিনা কায়সারের মৃত্যুতে এনসিপির শোক

‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপিয়ে সরকার মাজারে হামলার দায় এড়াতে পারে না: তুষার