প্রতিটি উদ্যোগের সমালোচনা না করে সরকারকে গঠনমূলক পরামর্শ দিতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘কোনো উদ্যোগ ভালো না লাগলে তার বিকল্প পরিকল্পনা দেওয়া উচিত। আপনি এর চেয়ে ভালো পরিকল্পনা দেন, বলেন—এটা না করে এটা করলে আরও ভালো হয়। কিন্তু সেটা না করে সমালোচনা করায় তো কিছু লাভ হবে না। দেশটা সামনে এগিয়ে নেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে।’
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এ সমাবেশ ও মিছিলের আয়োজন করে।
দেশের স্বার্থে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম বলেন, ‘যারা আমাদের কমন শত্রু, তাদের বিরুদ্ধে লড়াইয়ের ঐক্যটা বহাল থাকুক। কেন নিজেদেরকে তাদের পক্ষভুক্ত করছেন? কোনো লাভ হবে না। বন্ধুগণ মনে রাখতে হবে, আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’ বিএনপি রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা হিসেবে দেখছে না উল্লেখ করে তিনি বলেন, জনগণের সমর্থনে দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। তাঁর ভাষায়, এটা ক্ষমতা নয়, এটা দায়িত্ব। বিএনপি ক্ষমতা মনে করে না, মনে করে দায়িত্ব।
দেশকে এগিয়ে নেওয়ার পথে বিগত সরকারের লোকজন বাধা সৃষ্টি করতে পারে—এটি অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম। তবে অন্যরা পরোক্ষভাবে তাতে সহযোগিতা করলে সেটি দুর্ভাগ্যজনক হবে বলে মন্তব্য করেন তিনি। বিরোধী দলগুলোর উদ্দেশে তিনি বলেন, আপনাদের কোনো কথা বা কাজ যেন ওই পতিত স্বৈরাচার বা ফ্যাসিবাদের সুবিধা না পায়।
সম্প্রতি বোমাবাজি ও অগ্নিসংযোগের ঘটনাগুলোর প্রসঙ্গ তুলে এসব বিষয়ে বক্তব্য দেওয়ার সময় সংশ্লিষ্ট সবাইকে চিন্তা-ভাবনা করে কথা বলার আহ্বান জানান বিএনপির এই নেতা।
রাজনীতিতে নতুনদেরও যুক্তিবাদী হওয়ার পরামর্শ দিয়ে নজরুল ইসলাম বলেন, নিছক বিরোধিতায় কোনো আনন্দ বা সুবিধা নেই। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের ওপর ঋণের বোঝা ও অর্থ পাচারের অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই পরিস্থিতি থেকে দেশকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ রয়েছে।
ফ্যামিলি কার্ড নিয়ে সমালোচনার প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, ‘আমরা ফ্যামিলি কার্ড দিয়েছি, প্রথম দিন থেকেই সমালোচনা। ঠিক আছে, আমরা খুব ভুল করে ফেলেছি। কিন্তু পরিমাণ হয়তো কম, বাড়ানো হয়তো যাবে, কিন্তু শুরুটা তো হলো। এটাতেও বিরোধিতা করবেন? আপনারা সব প্রয়াসে যদি বিরোধিতা করেন, তাহলে তো হবে না।’