হোম > রাজনীতি

প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে প্রাথমিক সাড়া দিয়েছেন বিরোধীদলীয় নেতা: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান প্রাথমিক সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠক করেন ১১ দলের শীর্ষ নেতারা। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মামুনুল হক এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে সরকারপ্রধানের ঐক্যের আহ্বানে বিরোধী জোটের অবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, বিরোধীদলীয় নেতা সরকারপ্রধানের ডাকে প্রাথমিক সাড়া দিয়েছেন। ঐক্যের প্রশ্নে সরকারও বিষয়টি অনুভব করছে এবং স্বীকার করছে। তবে ঐক্যের প্রধান ভিত্তি হতে হবে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করা।

জুলাই বিপ্লবের ঐক্যকে ‘বাংলাদেশের রক্ষাকবচ’ বলে উল্লেখ করেন মামুনুল হক। তিনি বলেন, এই ঐক্যে কোনো ধরনের বিভেদ বা ফাটল তৈরি হলে তা বাংলাদেশকে দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে। এই ঐক্যের প্রধান ভিত্তি ছিল জুলাই সনদ এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বাস্তবায়ন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিগত ফ্যাসিবাদী ও পরাজিত শক্তি জনগণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। জনমনে আতঙ্ক সৃষ্টি করে তারা নিজেদের প্রকৃত পরিচয় আবারও বাংলাদেশের মানুষ ও বিশ্ববাসীর সামনে তুলে ধরছে। তিনি বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে বর্তমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করতে ১১ দল বৈঠকে বসেছে। যেকোনো মূল্যে ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত ও আধিপত্যবাদী শক্তিকে রুখতে হবে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করে এই অপশক্তিকে মোকাবিলা করা হবে।

সরকারকে কঠোর হাতে নৈরাজ্য দমন করতে হবে বলে দাবি জানান মামুনুল হক। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান। একই সঙ্গে জনগণকে সম্মিলিত গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

১১ দল নিজেদের সাত দফা দাবির ওপর এখনো অটল কি না—এমন এক প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, ‘আমরা সাত দফা থেকে কোনোভাবেই সরিনি। এই মুহূর্তে জরুরি পরিস্থিতিতে দেশের পরাজিত শক্তি ও আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করাকে আমরা সবকিছুর চেয়ে অগ্রগণ্য মনে করছি।’

১১ দলের পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে মামুনুল হক বলেন, নীতিগতভাবে রাজপথে থাকার সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে ১১ দলের পক্ষ থেকে ঐক্যবদ্ধ ও দলীয় কর্মসূচি ঘোষণা করা হবে।

জামায়াত আমির শফিকুর রহমানের সভাপতিত্বে শীর্ষ নেতাদের বৈঠকে আরও উপস্থিত ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নেজামে ইসলাম পার্টির আমির আবদুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন এবং খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।