হোম > রাজনীতি

রাজনৈতিক কর্মসূচি: হামলা ও বাস- ট্রেনে আগুন জাজিরায় সংঘর্ষে নিহত ২

• কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের প্রথম দিন

• পদ্মা সেতু হয়ে দক্ষিণের কয়েক জেলার বাস চলাচল প্রায় বন্ধ

• আওয়ামী লীগের বড় দুই নেতার বাড়িতে আগুন

• বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা জোরদারে সরকারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাছ ফেলে মহাসড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁদেরকে রামদা, ঢাল, পাইপ ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান করতে দেখা যায়। গতকাল গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে। ছবি: এএফপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রথম দিন গতকাল রোববার এবং আগের দিন শনিবার রাতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। এ সময় আগুন দেওয়া হয়েছে বাস ও ট্রেনে। ককটেল ও পেট্রলবোমা হামলা হয়েছে বিভিন্ন সরকারি স্থাপনাতেও। এগুলোর মধ্যে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোলপ্লাজার কাছে এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন দুজন। এক্সপ্রেসওয়ের এই ঘটনা এবং গোপালগঞ্জের কয়েকটি স্থানে আওয়ামী লীগের অবরোধের কারণে পদ্মা সেতু হয়ে দক্ষিণের কয়েকটি জেলার বাস চলাচল গতকাল কার্যত বন্ধ হয়ে পড়েছিল।

গতকাল এবং আজ সোমবার সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের অনেক জায়গায় নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শতাধিক প্লাটুন সদস্য।

চলমান রাজনৈতিক সহিংসতার মধ্যে বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। গতকাল সব কটি সরকারি উৎপাদন ইউনিট, বিতরণ সংস্থা এবং সঞ্চালন ব্যবস্থার প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে অনলাইন বৈঠকের পর বিদ্যুৎ মন্ত্রণালয় এই নির্দেশনা দেয়।

পদ্মা সেতু এলাকায় সংঘর্ষে নিহত ২

গতকাল ভোরে পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন শরীয়তপুর সদর উপজেলার সোনামুখী গ্রামের মো. ইব্রাহিম সিপাহী (২৮) এবং মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিজাম মৃধা (৪৫)। ইব্রাহিম স্থানীয় যুবলীগ কর্মী ও পেশায় অটোরিকশাচালক ছিলেন। আর নিহত নিজাম আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, লকডাউন প্রতিহত করতে শনিবার দুপুর থেকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে প্যান্ডেল সাজিয়ে অবস্থান নেন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। অন্যদিকে রোববার ভোর সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জাজিরার বিকেনগর এলাকা থেকে লাঠিসোঁটা নিয়ে এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। এ সময় বিএনপির নেতা-কর্মীরা তাঁদের প্রতিহতের চেষ্টা করেন। এতে শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় বেশ কয়েকটি গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটলে বিএনপির নেতা-কর্মীরা পিছু হটেন। এরপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর করে সেখানে আগুন ধরিয়ে দেন। বিএনপির নেতা-কর্মীদের ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে নাওডোবা গোলচত্বরে অবস্থিত ফুড এক্সপ্রেস নামের একটি রেস্তোরাঁ এবং পাশের একটি খাবার হোটেলে আগুন দেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এরপর এক্সপ্রেসওয়ে অবরোধ করেন তাঁরা।

অবরোধের কারণে এক্সপ্রেসওয়ের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। সকাল সাড়ে ৭টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে চলে গেলে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।

অচল গোপালগঞ্জ

লকডাউনের প্রথম দিনে গোপালগঞ্জে সড়ক-মহাসড়ক অবরোধ করে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে রাজধানী ঢাকার সঙ্গে খুলনা, বরিশাল, পিরোজপুর, মাদারীপুর, বাগেরহাটসহ বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ছাড়া মুকসুদপুরের জলিরপাড়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

লকডাউনের কারণে সড়ক ও রেল—দুটি পথেই যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে। আগে থেকেই জেলায় ট্রেন চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে। কর্মজীবী মানুষ, ব্যবসায়ী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতে অনেকে পড়েছে বিপাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা কারাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে মোতায়েন রয়েছেন বিজিবিসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

সরকারি স্থাপনায় ককটেল হামলা

গতকাল ভোরে খুলনার খানজাহান আলী থানার শিরোমনি বাজার-সংলগ্ন গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের ভেতরে আগুন ধরে যায়। এর ১০ মিনিট পর শিরোমনি বাজার-সংলগ্ন বিআরটিসির বাস ডিপো লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এরপর স্থানীয় ল্যাটেক্স প্ল্যান্ট লক্ষ্য করে পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

রোববার ভোরে পাবনার বেড়া পৌর এলাকায় বেড়া মডেল থানায় ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগ ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভোর ৪টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শম্ভুপুর গ্রামের নেতা-কর্মীদের নিয়ে যুবলীগের নেতা জাহাঙ্গীরের নেতৃত্বে একটি মশাল মিছিল বের হয়। পরে মিছিলকারীরা বেড়া মডেল থানা ফটকের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা থানায় ককটেল নিক্ষেপ করে এবং আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়লে মিছিলকারীরা পিছু হটে। থানা এলাকা থেকে সরে গিয়ে তারা বেড়া শহীদ খালেক স্টেডিয়ামের আশপাশে মশাল মিছিল ও অগ্নিসংযোগ করে।

ঢাকার কেরানীগঞ্জে শনিবার রাতে পাঁচটি স্থানে ১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

শনিবার মধ্যরাতে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীরের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ছাড়া মিরপুর উপজেলার টিঅ্যান্ডটি রোডে অবস্থিত গ্রামীণ ব্যাংকের ফুলবাড়িয়া মিরপুর শাখায় দুর্বৃত্তরা তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে।

শনিবার রাতে গাজীপুরের শ্রীপুরে উপজেলা প্রশাসন চত্বর এবং মাওনা চৌরাস্তা উড়ালসেতু থেকে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ভোরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানের বাসভবনের সামনে এবং চারুকলা অনুষদের ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গতকাল দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বর-সংলগ্ন ডিসি অফিসের ক্যানটিনের টিনের চালে ককটেল বিস্ফোরিত হয়েছে।

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম রেলপথে অগ্নিসংযোগ, প্রাইভেট কার, ভূমি অফিস এবং ডাকঘরের পরিত্যক্ত কক্ষে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাতে শহরের ট্রাংক রোডের দোয়েল চত্বরে ককটেল বিস্ফোরণ ও সদর উপজেলার কালিদহ এলাকায় রেলপথে আগুন দেওয়া হয়। একই রাতে সোনাগাজীর মতিগঞ্জ ভূমি অফিসের স্থায়ী আদায় শিবির কার্যালয়ের ফটকে পেট্রল ঢেলে আগুন এবং কাজীরহাট বাজারে একটি প্রাইভেট কারে আগুন দেয় দুর্বৃত্তরা। একই রাতে ফেনীর প্রধান ডাকঘরের একটি পরিত্যক্ত কক্ষেও অগ্নিসংযোগ করা হয়।

বাস-ট্রেনে আগুন

রাজধানীর বারিধারার নর্দ্দায় গতকাল রাত সাড়ে ১০টার দিকে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার সামনের সড়কে শনিবার মধ্যরাতে থেমে থাকা আনন্দ পরিবহনের একটি বাসে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। একই রাতে ঢাকার সাভারের বলিয়ারপুর এলাকায় পার্ক করে রাখা শ্যামলী পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

চট্টগ্রাম নগরীর কদমতলী রেলক্রসিং এলাকায় একটি মেইল ট্রেনের বগির দুটি আসনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনমাস্টার আবু জাফর মজুমদার জানান, ঢাকাগামী ট্রেনটি দেওয়ানহাট ইয়ার্ড থেকে স্টেশনে আসছিল। রাত ১১টার দিকে ট্রেনটি কদমতলী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ছুড়ে মারে এবং বগির দুটি আসনে আগুন ধরে যায়। ঘটনার সময় ট্রেনে কোনো যাত্রী ছিল না। রেলকর্মীরা পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাস চলাচল বন্ধ

লকডাউন কর্মসূচির কারণে খুলনা, বরিশাল, বরগুনা ও বাগেরহাট থেকে ঢাকাগামী বাস চলাচল প্রায় বন্ধ হয়েছে। শনিবার বিকেল থেকে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ছিল। বিকল্প পথ হিসেবে পরিবহনগুলো যশোর হয়ে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি পার হয়ে ঢাকায় যাতায়াত করছে। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ১০ ঘণ্টা অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শনিবার ভোর ৪টা থেকে মহাসড়কের রাজৈরের টেকেরহাট অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হওয়ার আগে ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বরগুনা থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে চলাচলকারী দূরপাল্লার পরিবহনগুলো গতকাল থেকে বন্ধ রয়েছে। ঢাকা-বরিশাল রুটে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ হয়ে গেছে। গতকাল সকাল থেকে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।

আ.লীগের দুই নেতার বাড়িতে আগুন

মাদারীপুরে সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের পারিবারিক প্রতিষ্ঠান ও ভবনে রোববার দুপুরে ভাঙচুর, ককটেল ও পেট্রলবোমা হামলা হয়েছে। মাদারীপুর শহরের মডেল থানার সামনে শাজাহান খানের পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের বহুতল ভবনে পেট্রলবোমা নিক্ষেপের পর আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। একই সময় শহরের সার্বিক ইন্টারন্যাশনাল হোটেলের সামনের দরজার থাই গ্লাস ভাঙচুর এবং একাধিক ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় যুবদলের এক নেতাকে কুপিয়ে জখম করার ঘটনার জেরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টার দিকে একদল ব্যক্তি পুটিকা বাজার এলাকায় যুবদল নেতা আবু বকর রানার ওপর হামলা চালায়। রানাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন বড়রূহী গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে আগুন দেয়। এরপর উপজেলার বিশকাকুনি গ্রামে আওয়ামী লীগের কারাবন্দী নেতা আহমদ হোসেনের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে অন্তত পাঁচটি ঘর পুড়ে গেছে।