বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। প্রায় দেড় বছর একটি অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের পরে দেশে গতকাল যাত্রা শুরু করেছে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। গত ১৮ মাসে বাংলাদেশের অর্থনীতি মুখোমুখি হয়েছে একাধিক সমস্যার। নবনির্বাচিত সরকারকে এখন সম্মুখীন হতে হবে নানান অন্তরায়ের। আমাদের জাতীয় জীবনে এই সন্ধিক্ষণ তাই এক হিসাব-নিকাশের পালা—অর্থনীতির নিরিখে বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছি এবং আগামী পথযাত্রায় বাধা হবে কোনগুলো।
বাংলাদেশের অর্থনীতির বর্তমান সমস্যার মাত্রিকতাগুলো মোটাদাগে তিন ধরনের—স্থবিরতা, নাজুকতা এবং ভঙ্গুরতা। আমাদের অর্থনীতিতে এখন স্থবিরতার কাল চলছে। প্রথম স্থবিরতা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে। সরকারের নানান অর্থনৈতিক সংস্থা থেকে শুরু করে এ দেশের প্রথিতযশা অর্থনীতিবিদসহ আমাদের উন্নয়ন-সহযোগী কেউই মনে করছেন না যে আমাদের প্রবৃদ্ধির হার ৪ শতাংশের বেশি যাবে। যেকোনো নির্ণায়কের নিরিখে এই হারকে একটি গতিময় হার বলা যাবে না। দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্লথতার কারণেই প্রবৃদ্ধির এই স্থবিরতা। বর্তমান অর্থবছরে কৃষি খাতের প্রবৃদ্ধির হার ছিল ১.৮ শতাংশ, গত বছরের ৩.৩ শতাংশের প্রায় অর্ধেক। একই সময়কালে সেবা খাতের প্রবৃদ্ধির হার ৫.০ শতাংশ থেকে ৪.৫ শতাংশে নেমে এসেছে। ভোগ-চাহিদার হ্রাস, শিল্পোৎপাদনের সংকোচন, রপ্তানি শ্লথতার কারণে বিভিন্ন সেবার চাহিদা কমে গেছে। বাংলাদেশ অর্থনীতির সার্বিক খাতগুলোর শ্লথতা অর্থনৈতিক প্রবৃদ্ধির স্থবিরতাকে জোরদার করেছে।
দ্বিতীয় স্থবিরতার ক্ষেত্র হচ্ছে কর্মনিয়োজন। যেহেতু কৃষি ও সেবা খাত মিলে বাংলাদেশ অর্থনীতির ৮৩ শতাংশ কর্মনিয়োজন নিশ্চিত করে, তাই এই দুই খাতের হ্রাসকৃত প্রবৃদ্ধির কারণে অর্থনীতিতে কর্মহীনতা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ অর্থনীতিতে বেকারত্ব এবং কর্মনিয়োজনের ঘাটতি একটি গভীর স্থবিরতার জন্ম দিয়েছে। দেশের ২৭ লাখ মানুষ আজ বেকার। তার মধ্যে ১০ লাখই তরুণ। তরুণদের মধ্যে যারা বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ ডিঙিয়েছে, তাদের ১৩ শতাংশেরই কোনো কাজ নেই। দেশের ৮৩ লাখ তরুণ শিক্ষাপ্রতিষ্ঠানে, কর্মনিয়োজনে কিংবা প্রশিক্ষণে নেই। প্রতিবছর বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে ৭ লাখ তরুণ সনদপ্রাপ্ত হয়। কিন্তু কর্মনিয়োজনে স্থবিরতার কারণে মাত্র ৩ লাখ তরুণ অর্থনীতিতে আত্মস্থ হয়।
তৃতীয় স্থবিরতার ক্ষেত্রটি হচ্ছে বিনিয়োগ। অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নানান শিল্প খাতে একটি অস্থিতিশীলতা বিরাজ করছে। বিদেশি বিনিয়োগে বিরাট দ্বিধা আছে। ফলে দেশের উৎপাদন ভিত্তিও দুর্বল এবং উৎপাদনের ধারাবাহিকতা নষ্ট হচ্ছে। বিনিয়োগের এই শ্লথতা একদিকে যেমন দেশজ উৎপাদনকে স্থবির করে দিচ্ছে, তেমনি কর্মনিয়োজনের স্থবিরতাকেও বাড়িয়ে দিচ্ছে। ফলে যেটুকু প্রবৃদ্ধি বাংলাদেশ অর্থনীতিতে ঘটছে, তা ‘কর্মশূন্য প্রবৃদ্ধি’ ভিন্ন আর কিছুই নয়।
বাংলাদেশ অর্থনীতির নাজুকতার ক্ষেত্র বিবিধ। দেশের ঋণভার এবং ঋণের ওপরে সুদ পরিশোধের চাপ একটি নতুন নাজুক মাত্রায় পৌঁছেছে। গত তিন বছরে আমাদের বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় তিন গুণ বেড়ে গেছে। সরকারি ব্যয়ের প্রায় এক-তৃতীয়াংশই ঋণ পরিশোধে খরচ হচ্ছে। ফলে বাংলাদেশের ঋণভারের বজায়ক্ষমতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে যে এই অর্থনীতিতে নানান খাতে এবং বিভিন্নভাবে যে ভর্তুকি দেওয়া হয়, সে ভার কতখানি যৌক্তিক এবং সে ভার বইতে বাংলাদেশ অর্থনীতি সক্ষম কি না।
দ্বিতীয় নাজুকতার উৎসটি হচ্ছে নানানভাবে গত ১৮ মাসের অন্তর্বর্তী সরকার সুচিন্তিত বিবেচনা না করেই তাদের শাসনকালের প্রান্তসীমায় এসে নানান বিষয়ের অর্থায়ন করেছে, যা নবনির্বাচিত সরকারের ওপরে অকল্পনীয় চাপ সৃষ্টি করবে। যেমন অতিসম্প্রতি সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের এইসব অপ্রত্যাশিত ব্যয় অঙ্গীকার বর্তমান নির্বাচিত সরকারের জন্য একটা বিরাট দায়, যার ফলে অর্থনীতিতে একটি নাজুকতার সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ অর্থনীতির ভঙ্গুরতার প্রশ্ন যদি তোলা হয়, তাহলে তার একটি বিরাট উৎস হচ্ছে অর্থনীতিবহির্ভূত বিষয়গুলো। যেমন সামাজিক অস্থিরতা ও অস্থিতিশীলতা এবং সেই সঙ্গে সামাজিক সংঘাত ও সহিংসতা। বাংলাদেশে সামাজিক অস্থিরতা আজ এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে অনাস্থা এবং অবিশ্বাস, অসহনশীলতা এবং অপপ্রচার নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে দাবির এক সংস্কৃতি, যেখানে অঘোষিত রাজপথ অবরোধ, মিছিল নিয়মে পরিণত হয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ড এ-জাতীয় একটি অস্থিতিশীল পরিস্থিতিতে ঠিকভাবে কাজ করতে পারে না। সেই সঙ্গে সমাজে বিস্তৃত হয়েছে ব্যাপক সংঘাত এবং সহিংসতা, যা অর্থনৈতিক নিরাপত্তাকে বিঘ্নিত করছে। বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য এবং শিল্পপ্রতিষ্ঠানের প্রসার এমন একটি অনিরাপদ পরিবেশে ঘটছে না।
বাংলাদেশ অর্থনীতির ভবিষ্যৎ অন্তরায়ের দিকে যদি তাকাই, তাহলে মোটাদাগে তিন ধরনের অন্তরায়ের কথা বলা যেতে পারে। প্রথমত, প্রবহমান অন্তরায়—যেসব অন্তরায় দীর্ঘদিন ধরে চলে আসছে। দ্বিতীয়ত, ঘনীভূত অন্তরায়—যেসব অন্তরায়ের গভীরতা বেড়েছে। এবং তৃতীয়ত, আবির্ভূমান অন্তরায়—যেসব অন্তরায় নতুন করে আবির্ভূত হচ্ছে।
বাংলাদেশ অর্থনীতির প্রবহমান অন্তরায়ের শীর্ষে রয়েছে দারিদ্র্য ও বঞ্চনা। সামষ্টিক পর্যায়ে বাংলাদেশে দারিদ্র্যের আপাতন গত তিন বছরে ১৮ শতাংশ থেকে ২১ শতাংশে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাংলাদেশের ৩ কোটি ৬০ লাখ লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। আরও ৬ কোটি ২০ লাখ লোক দারিদ্র্যের ফাঁদে পড়ার ঝুঁকিতে রয়েছে। ব্যাষ্টিক পর্যায়ে নানান তথ্য-উপাত্ত থেকে দেশে প্রবহমান বঞ্চনা সম্পর্কে একটি ধারণা করা যায়। যেমন নিম্ন আয়ের মানুষের মধ্যে ৮৮ শতাংশ মানুষ দুবেলা ভাত খেতে পায় না। তারা এক বেলা পাউরুটি কিংবা বিস্কুট খেয়ে কাটিয়ে দেয়। এসব জনগোষ্ঠীর মধ্যে যাদের মাসিক আয় ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে, তাদের তিন-পঞ্চমাংশ মানুষ আজকাল সকালের নাশতা খায় না, কারণ তার জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য তাদের নেই। এ অন্তরায় প্রবহমান থাকলে পুষ্টিহীনতা একটি মানব উন্নয়ন সমস্যা হিসেবে দেখা দিতে পারে, বিশেষত শিশুদের মধ্যে।
বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা বাংলাদেশ অর্থনীতির
একটি প্রবহমান অন্তরায়। একদিকে উচ্চ বিদ্যুৎ উৎপাদন ব্যয় একটি অন্তরায়, অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দেওয়া ভর্তুকিও একটি ভাবনা। জ্বালানি খাতে যথাযথ সমন্বয়ের অনুপস্থিতি এবং সেই সঙ্গে টাকার অবমূল্যায়ন বিদ্যুৎ উৎপাদন ব্যয় আরও বাড়িয়ে দিচ্ছে। জ্বালানি খাতের একটি প্রবহমান সমস্যা হচ্ছে যে এই খাতে যে বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়া হয়, তার ৫৪ শতাংশই যায় সমাজের উচ্চতম ৪০ শতাংশ সবচেয়ে সম্পদশালী গোষ্ঠীর কাছে।
তৃতীয় প্রবহমান অন্তরায়টি হচ্ছে কতগুলো মৌলিক কাঠামোগত সমস্যা। যেমন বাংলাদেশের অর্থনীতিতে আর্থিক শৃঙ্খলা, বিধিবিধানের প্রতিস্থাপন এখনো তেমনভাবে হয়নি। দৃশ্যমানতা এবং দায়বদ্ধতার সংস্কৃতি এখনো আমাদের অর্থনীতিতে গভীরভাবে প্রোথিত করা যায়নি। আর্থিক খাতে কুঋণ, অদক্ষতা ও অকার্যকারিতা, দুর্বল ব্যবস্থাপনা প্রবহমান সমস্যা হিসেবে বিরাজ করছে। রাজস্ব খাতে কাঠামোগত সংস্কার এখনো করা যায়নি।
বাংলাদেশ অর্থনীতির ঘনীভূত অন্তরায়ের মধ্যে রয়েছে বৈষম্য ও অসমতা—নানান পরিপ্রেক্ষিতে এবং সুযোগে ও ফলাফলে। সম্পদের দিক থেকে বাংলাদেশের উচ্চতম জনগোষ্ঠী দেশের মোট সম্পদের ৫৮ শতাংশের মালিক, যেখানে দেশের নিম্নতম অর্ধেক জনগোষ্ঠীর কাছে দেশের মোট সম্পদের মাত্র ৫ শতাংশ রয়েছে। তেমনিভাবে, আয়ের ক্ষেত্রে জাতীয় আয়ের ৪১ শতাংশ যায় উচ্চতম ১০ শতাংশ জনগোষ্ঠীর কাছে, আর নিম্নতম ৫০ শতাংশ মানুষ জাতীয় আয়ের মাত্র ১৯ শতাংশ পায়। অসমতা রয়েছে শিক্ষার সুযোগে, স্বাস্থ্যসেবায় এবং তথ্যপ্রযুক্তিতে প্রবেশাধিকারের ক্ষেত্রেও। দেশের উচ্চতম ২০ শতাংশ গৃহস্থালির তিন-চতুর্থাংশের আন্তর্যোগ সেবায় প্রবেশাধিকার আছে, অথচ নিম্নতম ২০ শতাংশ গৃহস্থালির ক্ষেত্রে সংশ্লিষ্ট সংখ্যাটি হচ্ছে মাত্র ৯ শতাংশ। সামাজিক সেবার গুণগত মানের বৈষম্য এ-জাতীয় অসমতাকে আরও গভীরতর করেছে। উচ্চমানসম্পন্ন সেবা সংরক্ষিত ধনিক শ্রেণির জন্য এবং দরিদ্র জনগোষ্ঠীর কাছে লভ্য নিম্নমানের সেবাসমূহ।
জলবায়ু বিপন্নতা বাংলাদেশ অর্থনীতির একটি ঘনীভূত সমস্যা। এর কারণে দরিদ্র জনগোষ্ঠী পরিবেশ-ভঙ্গুর ভূমির দিকে সরে যাচ্ছে আবাসন ও কৃষিকাজের জন্য। কিন্তু জলবায়ু পরিবর্তন একদিকে যেমন ভূমির উর্বরতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে, তেমনি অন্যদিকে কৃষির উৎপাদনশীলতা এবং কৃষকের আয়ও হ্রাস করছে। দেশের পরিবেশ-নাজুক জেলাগুলোতে বিভিন্ন পীড়ার প্রাদুর্ভাব অন্যান্য জেলার তুলনায় বেশি। এসব অঞ্চলের মোট গৃহস্থালির ৪৫ শতাংশই নানান পীড়ার শিকার।
বৈশ্বিক অঙ্গনে নানান ভূ-রাজনৈতিক বিষয়াবলি বাংলাদেশ অর্থনীতির জন্য আবির্ভূমান অন্তরায় হিসেবে দেখা দিতে পারে। এর মধ্যে প্রথমেই রয়েছে একধরনের ‘অর্থনৈতিক জাতীয়তাবাদ’, যেখানে বৃহৎ শক্তিগুলো একটি অন্তর্মুখী অর্থনৈতিক কাঠামো ও নীতিমালা অনুসরণ করছে। এর হাত ধরেই বহুপক্ষীয় ব্যবস্থার বদলে একপক্ষীয় কিংবা দ্বিপক্ষীয় ব্যবস্থা এসেছে। বৈশ্বিক বাণিজ্যে, আন্তর্জাতিক বিনিয়োগে এর উত্থান আমরা দেখতে পাচ্ছি। ফলে একদিকে যেমন বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার সংস্থাগুলো এবং বিধিবদ্ধ নিয়মাবলি ভেঙে পড়ছে, তেমনি একটি বহুপক্ষীয় ব্যবস্থা থেকে উন্নয়নশীল দেশগুলো যে সুবিধা ও সুফল পেত, তা আর তারা পাবে না। বাংলাদেশও এর ব্যত্যয় নয়। দুই, গত বছরে আরোপিত যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক বাংলাদেশ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতেই থাকবে, তা সে শুল্কের যতই পরিমার্জনা করা হোক না কেন। সেই সঙ্গে অতিসম্প্রতি ভারত-ইউরোপীয় ইউনিয়নের উন্মুক্ত বাণিজ্য চুক্তির ফলে বাংলাদেশের নানান বাণিজ্য সুযোগ ব্যাহত হতে পারে। তিন, পরাশক্তিগুলোর সব বৈশ্বিক বিধিবিধানকে লঙ্ঘন করে রাজনৈতিক আগ্রাসনপ্রক্রিয়ার বৈশ্বিক অর্থনৈতিক অভিঘাতও ব্যাপ্ত হবে। বাংলাদেশের অর্থনীতির জন্য এটাও একধরনের আবির্ভূমান সংকট।
নতুন সরকারকে বাংলাদেশের অর্থনীতির বর্তমান সমস্যাগুলোর সমাধান করতে হবে এবং সেইসঙ্গে ভবিষ্যৎ অন্তরায়গুলোরও মোকাবিলা করতে হবে। কাজটি কঠিন সন্দেহ নেই, কিন্তু সদিচ্ছা, অঙ্গীকার এবং দক্ষতার সঙ্গে এগুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করলে এসব বাধাকে অতিক্রম করা সম্ভব।