হোম > মতামত

প্রচলিত কিছু গল্প, তবে সত্যতা আছে

আব্দুর রাজ্জাক

আমি প্রকৌশল বিদ্যায় সাড়ে ছয় বছর পড়াশোনা করেছি। নিজে একজন প্রকৌশলী। দেশে-বিদেশে অনেক প্রকৌশলী বন্ধু আছে আমার। ছাত্রজীবন থেকেই প্রকৌশলীদের সঙ্গে আড্ডা দেওয়া, খোশগল্প করা, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া—এসব হয়েছে বছরের পর বছর ধরে। প্রকৌশলীদের কাজের অবদান সমাজে অনেক। তাঁদের সঠিক পরিকল্পনা, কাজের তদারকি সমাজকে এগিয়ে নিয়ে যায়। পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তোলার ক্ষেত্রে প্রকৌশলীদের অবদান আছে, একবাক্যে এই কথা সবাই বিশ্বাস করবেন। প্রচলিত আছে, একজন ডাক্তার যদি ভুল করে তাহলে একজন মানুষ মারা যেতে পারে, একজন প্রকৌশলী যদি ভুল করে, তাহলে শত শত মানুষও মারা যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে একটি শহর অথবা একটি জনপথ।

এখন আসি প্রচলিত গল্পে। বিভিন্ন শহরে প্রকৌশলীরা পদায়ন হলে কাজের প্রয়োজনেই ঠিকাদারদের সঙ্গে সখ্য গড়ে ওঠে। এখন যে রকম টেন্ডারের মাধ্যমে কাজ দেওয়া হয়, বহু বছর আগে টেন্ডার নিয়ে এত কড়াকড়ি ছিল না। প্রকৌশলী জরুরি প্রয়োজনে টেন্ডার ছাড়া কাজ দিতে পারতেন ঠিকাদারদের। এখনো হয়তো কোনো কোনো ইঞ্জিনিয়ারিং দপ্তরে এই রকম ছোটখাটো কাজ বিনা টেন্ডারে দেওয়া হয়। যাক সে কথা, প্রকৌশলী এবং ঠিকাদারদের মধ্যে সখ্য ছিল, আছে এবং থাকবে এটাই স্বাভাবিক। যেসব প্রকৌশলী সরাসরি ঘুষ নিতে লজ্জা পেতেন সেই সময়ে, ঠিকাদাররাও তাঁদের সরাসরি ঘুষ দিতে বিব্রত বোধ করতেন। তাই রাতে ডাকবাংলোতে তাস খেলার আয়োজন করা হতো, ধীরে ধীরে টাকা দিয়ে তাস খেলা আরম্ভ করত। এই টাকা দিয়ে তাস খেলায় কোনো সময়ই ঠিকাদাররা লাভ করতে পারতেন না, সব ক্ষেত্রেই লাভ করতেন প্রকৌশলী মহোদয়রা। ঠিকাদাররা ইচ্ছে করেই হোক বা যে করে হোক হেরে যেতেন, প্রকৌশলীদের লাভবান করাতেন।

প্রকৌশলী মহোদয়রা দেখতেন, ‘ইহা তো বড়ই সৌন্দর্য!’ ঠিকাদারের সঙ্গে তাঁদের ভাব হয়ে যেত। যথারীতি ওইসব ঠিকাদারকে কাজ দিতেন প্রকৌশলীরা, রাতে তাস খেলে যাঁদের কাছ থেকে লাভ করতেন।

অনেক আগের আরেকটি গল্প এরকম: এক প্রকৌশলীর মফস্বল শহরে পদায়ন হলো। এখানে তেমন নির্দিষ্ট কোনো কাজ নেই, আর্থিক মন্দার ভাব দেখা দিয়েছে। অনেক ভেবেচিন্তে তিনি পুরোনো কাগজপত্র ঘাঁটাঘাঁটি করে দেখলেন, অত্র শহরে নির্দিষ্ট জায়গায় একটি পুকুর আছে, কয়েক বছর আগে খনন করা হয়েছিল। পুকুরটি পরিদর্শন করতে গেলেন। সেখানে কোনো পুকুরের অস্তিত্ব পেলেন না। প্রকৌশলী মহোদয় খুবই খেপে গেলেন। ওই পুকুর যে প্রকৌশলীর সময় কাটা হয়েছিল, তাঁকে তিনি চিনতেন। টেলিফোন করে বললেন, শহরের এই জায়গায় একটি পুকুর আছে কাগজে-কলমে, কিন্তু পুকুরের কোনো অস্তিত্ব নেই, এটা হলো কেমন করে? আগের প্রকৌশলী উত্তর দিলেন, ‘বন্ধু, আমি যখন ওই শহরে ছিলাম, খুব আর্থিক মন্দা ছিল, তখন কাগজে-কলমে আমি পুকুরটা খনন করিয়েছি, ঠিকাদারকে দিয়ে টাকা উত্তোলন করে নিজে নিয়েছি এবং তোমার জন্য একটা ভালো বন্দোবস্ত করে রেখে এসেছি। তুমি এখন ওই পুকুরটাকে ভরাট করো, কোনো ঠিকাদারকে দিয়ে পুকুরটা ভরাট করে আর্থিক মন্দা থাকলে সেটা কাটিয়ে ওঠো।’ সেই থেকে মনে হয় ওই প্রবাদ বাক্যটি চালু হয়েছিল—‘পুকুর চুরি’।

বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নতুন ওষুধ বাজারজাত করার সময় ডাক্তারদের জন্য কিছু স্যাম্পল ওষুধ তৈরি করে, ডাক্তারদের চেম্বারে যথারীতি পৌঁছে দেয়। এই ওষুধটি ডাক্তারকে খাওয়ার জন্য দেয়, নাকি অন্য কোনো কাজে দেয় সেটা বিবেচ্য বিষয়। আবার ওষুধ কোম্পানিগুলো দামি দামি গিফট তৈরি করে, অনেক সময় বিদেশ থেকে অনেক দামি ঘড়িও কিনে নিয়ে এসে ডাক্তারদের উপহার দিয়ে থাকে। এইসব দামি উপহারের সঙ্গে রোগীর রোগ সারার কী সম্পর্ক সেটা সাধারণ মানুষের বোধে আসে না।

পুকুরের ইলিশ মাছের কথা হয়তো অনেকেই শুনেছেন। অনেক ব্যক্তি যাঁরা ব্যবসা করেন, বড় কোনো কর্মকর্তার কাছে কোনো না কোনোভাবে ঠেকে আছেন, তাঁরা বড় বড় রুই মাছ, কাতলা মাছ, চিতল মাছ নিয়ে সেইসব কর্মকর্তার বাড়ি গিয়ে বলেন, ‘একেবারে আমার নিজের পুকুরের চাষ করা মাছ, কিন্তু স্বাদ হবে নদীর মাছের মতো স্যার!’ জনশ্রুতি আছে, একবার এক ভদ্রলোক বড় বড় কয়েকটি ইলিশ নিয়ে গেলেন এক বড় কর্মকর্তার বাসায়। অভ্যাসমতো বলেই ফেললেন, ‘স্যার, বড় বড় ইলিশ আমার পুকুরের, আপনার জন্য নিয়ে এসেছি, কিন্তু স্বাদ হবে পদ্মার ইলিশের মতো। নিশ্চয়ই বাসায় সবাই মিলে উপভোগ করবেন আমার পুকুরের ইলিশের স্বাদ।’

সেই ব্রিটিশ আমলের কথা। দারোগা সাহেব মফস্বলে যাবেন, বিভিন্ন গ্রামে ঘুরবেন। সেখানকার বড় খাসিটি অথবা ওই গ্রামের বড় বড় কয়েকটি মোরগ দারোগার জন্য ঠিক করে রাখতেন মফস্বলের চৌকিদার, দফাদাররা। দারোগা সাহেব গ্রাম থেকে বেরোনোর সময় বেশ কয়েকটি বড় বড় মোরগ, কোনো কোনো সময় খাসি তাঁর কাছে দিয়ে সবাই খুশিতে বলত, ‘স্যার, গরিবের গ্রামে আসলেন, আমরা তো আর অপমানিত হতে পারি না। আমরা যে কত ভালো, কত ভদ্রলোকের গ্রাম এইটি, সেটা প্রমাণ করার জন্যই আপনাকে এই সামান্য কিছু উপহার দিলাম।’ দারোগা সাহেব গম্ভীর গলায় বলতেন, ‘এসবের কী দরকার ছিল! যাক শহরে তো এগুলো আর পাওয়া যায় না, যেহেতু বিশুদ্ধ এইসব প্রাণীর মাংস, দিতে পারেন।’ এটাই ছিল মানুষের উপহার বিতরণের প্রকাশ।

অবশ্য বড় বড় পীর সাহেবের মাজারে অনেকে মানত করার পরে বড় বড় গরু, খাসি, অনেক সময় আমদানিকৃত উট এবং দুম্বাও দান করে। তবে উট এবং বড় বিদেশি জাতের গরু, দুম্বা দান করে ওইসব মাজারে, যে মাজারের পীর সাহেবের সঙ্গে সরকারের ওপর মহলের যোগাযোগ আছে। দান করার পরে ধীর গলায় বলে আসত, ‘হুজুর, আমি এই মানত করেছি এই জন্য যে, আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করেন। আপনি নিশ্চয়ই আমার মনের বাসনা পূরণ করার জন্য দোয়া করবেন।’ দু-চারটা দোয়া কবুল হলে ওই পীরের মাজারে আরও বেশি দান চলে আসে।

বড় বড় জাঁদরেল আইসিএস এবং সিএসএস অফিসাররা তেমন একটা আর্থিকভাবে অনিয়ম করতেন না। তাঁদের একটা সুনাম ছিল। পরবর্তী সময়ে দেখা গেল এইসব জাঁদরেল অফিসারদের বড় বড় শহরের সবচেয়ে ভালো জায়গায় মোটামুটি এক বিঘা থেকে তিন বিঘার দুই-একটি প্লট আছে। অবশ্যই এগুলো বরাদ্দ করা হয়েছিল সেই সময় আইনগতভাবে। তবে এইসব প্লটের দাম যেকোনো গ্রামের একশত বিঘা জমির দামের সমান হবে, এই আরকি।

যা হোক, সরকারি কর্মকর্তা, তিনি ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, আমলা হন, পুলিশ হন, কাস্টমস অথবা ইনকাম ট্যাক্স কর্মকর্তা হন, সবাইকে যদি খুশি করার জন্য আমজনতার পক্ষ থেকে কোনো উপহার দেওয়া হয়, সেটা যে খুশি মনে দেওয়া হয়, এ কথা নিশ্চয়ই জনগণ বিশ্বাস করবে না। এই খুশি করার উপহারের উদাহরণ হয়তো হবে ছোট কাজের জন্য তিন ভরি ওজনের সোনার গয়না অথবা হিরেখচিত একটি আংটি; অবস্থা ভেদে কোটি টাকা দামের পাটেক ফিলিপ ঘড়িও হতে পারে। নির্ভর করবে কী ধরনের কাজ এবং এতে বাণিজ্যের অঙ্ক কত, এসবের ওপর।