যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
গোয়েন্দা পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে স্বপন ভট্টাচার্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ডিবি।
স্বপন ভট্টাচার্যের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার পাড়ালা গ্রামে।