হোম > জাতীয়

সশস্ত্র বাহিনীর মতো স্বতন্ত্র পে স্কেল দাবি পুলিশের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সশস্ত্র বাহিনী ও জুডিশিয়াল সার্ভিসের মতো স্বতন্ত্র পে স্কেল চালুর দাবি জানিয়েছেন পুলিশ সদস্যরা। এ বিষয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধও জানিয়েছেন তাঁরা।

পুলিশ সপ্তাহ উপলক্ষে গতকাল রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে বিশেষ কল্যাণ প্যারেডে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই দাবি জানান পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। সেই সঙ্গে বিভিন্ন সমস্যা, সংকট ও সম্ভাবনার কথাও তুলে ধরেন তাঁরা।

পুলিশ কর্মকর্তাদের দাবিদাওয়া মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম বক্তব্য দেন।

মহানগর (সিটি) পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মীর আশরাফ আলী কল্যাণ প্যারেডে সশস্ত্র বাহিনী ও জুডিশিয়াল সার্ভিসের মতো পুলিশের জন্য স্বতন্ত্র পে স্কেল চালুর দাবি তুলে ধরেন। তিনি বলেন, স্বতন্ত্র পে স্কেল পুলিশের দীর্ঘদিনের দাবি। বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর মতো পুলিশের জন্যও আলাদা বেতনকাঠামো থাকা উচিত। কারণ আইনশৃঙ্খলা ও জননিরাপত্তায় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ ছাড়া তিনি আবাসন ভবন নির্মাণ ও সংস্কার করার দাবি জানান।

তবে পে স্কেলের বিষয়ে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কোনো মন্তব্য করেননি। এসব বিষয়ে পরে আলোচনা করার ইঙ্গিত দিয়েছেন তাঁরা। তবে পুলিশের ওই কর্মকর্তার অন্য দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বিভিন্ন ইউনিটের ভবন, কার্যালয় নির্মাণ ও আবাসন সমস্যা দূর করতে বর্তমান সরকার আন্তরিক। এ ক্ষেত্রে ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় অর্থের সংস্থান করা সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

বর্তমানে পুলিশের উন্নয়ন বরাদ্দ বন্ধ রয়েছে জানিয়ে তা চালু করার দাবি জানান মীর আশরাফ আলী।

নন-ক্যাডার পুলিশ কর্মকর্তাদের চাকরি থেকে অবসরের সময় সম্মানসূচক বা অনারারি পদোন্নতির দাবি করেছেন খুলনা মহানগর পুলিশের (কেএমপি) নারী কনস্টেবল তুষানা ইমরান। তিনি পুলিশ কনস্টেবল থেকে পরিদর্শক (ইন্সপেক্টর) পর্যন্ত অনারারি পদোন্নতির দাবি তুলে বলেন, নিম্ন পদের অনেক পুলিশ সদস্য সারা জীবন একই পদে থেকে অবসর নেন। অথচ সেনাবাহিনীতে অবসরে পাঠানোর সময় অনারারি পদোন্নতি দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেনাবাহিনীর মতো পুলিশেও অবসরগ্রহণের আগে এক ধাপ উচ্চতর পদের অনারারি পদোন্নতি বা র‍্যাঙ্ক দিলে পুলিশ সদস্যদের আত্মমর্যাদা বৃদ্ধিতে সহায়ক হবে। এতে সরকারের অর্থ খরচ হবে না।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এই প্রস্তাবটি ভালো, এটি করা যেতে পারে। বর্তমানে অনেক পুলিশ কনস্টেবল ৪০ বছর চাকরি করে অবসরগ্রহণ করলেও পরবর্তী পদোন্নতি পান না। এ কারণে বিশেষ নীতিমালা ও সন্তোষজনক চাকরির রেকর্ড বিবেচনায় অবসরকালে কিছুসংখ্যক পুলিশ সদস্যকে কনস্টেবল থেকে অনারারি সহকারী উপপরিদর্শক (এএসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই) থেকে অনারারি উপপরিদর্শক (এসআই) এবং উপপরিদর্শক (এসআই) থেকে অনারারি পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতি দেওয়া হবে।

ডিএমপির বিমানবন্দর থানার ওসি ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার মামলার তদন্তের ব্যয় বাড়ানো এবং মোটরসাইকেল কিনতে পুলিশকে সুদমুক্ত ঋণ দেওয়ার দাবি তোলেন প্রধানমন্ত্রীর কাছে। তিনি বলেন, মামলা তদন্তের বেশির ভাগ কাজ করেন এসআইরা। কিন্তু তাঁদের যাতায়াতব্যবস্থার জন্য যানবাহন অপ্রতুল। মামলার তদন্তকাজ গতিশীল করতে তাঁদের সুদমুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। এ ছাড়া মামলা তদন্ত ব্যয় যৌক্তিক পর্যায়ে বাড়ানোরও দাবি জানান তিনি।

এই দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘কাজের জন্য এএসআই ও এসআইদের সুদমুক্ত মোটরসাইকেল কেনার ঋণ দেওয়ার জোর সুপারিশ করছি।’ তখন প্রধানমন্ত্রী ফ্লোর নিয়ে বলেন, ‘এটা যৌক্তিক দাবি। এটা অবশ্যই আমরা বিবেচনা করব। কিন্তু এখানে একটা বিষয় আছে, কৃষক, যাঁরা মাঠে কাজ করেন; তাঁদের যখন আমরা ঋণ দিই, তাঁদের সুদসহ পরিশোধ করতে হয়। তাই নৈতিক জায়গাটি আমাদের অবশ্যই বিবেচনা করতে হবে। আমরা সুদমুক্ত ঋণ দিতে পারি কি না। কারণ আমাদের সব ঘরেই দু-একজন কৃষক রয়েছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কতটা নৈতিক হবে, তা আমাদের অবশ্যই বিবেচনা করা দরকার। তবে অফিশিয়াল কাজের জন্য অবশ্যই আমরা কোনো না কোনো একটি উপায় বের করব।’

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, পুলিশের কর্মঘণ্টার কোনো ঠিক নেই। ডিউটি রোস্টারের বাইরে প্রায় প্রতিদিনই নির্ধারিত ৮ কর্মঘণ্টার অতিরিক্ত ডিউটি করতে হয়। এ ছাড়া সাপ্তাহিক দুই দিন ছুটির দিনেও পুলিশ সদস্যদের কর্মে নিয়োজিত থাকতে হয়। কিন্তু এ অতিরিক্ত ডিউটির জন্য পুলিশ কোনো ভাতা পায় না। এ ছাড়া ঈদ পূজার ছুটিতেও পুলিশ সদস্যদের ডিউটিতে থাকতে হয়। এমন প্রেক্ষাপটে তিনি নির্ধারিত ৮ কর্মঘণ্টার অতিরিক্ত ডিউটির জন্য ওভারটাইম ভাতা দাবি করেন।

এই দাবির জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য বিশেষ নীতিমালার ভিত্তিতে ওভারটাইম ভাতা দেওয়ার কথা ভাবছে সরকার। এটি তাদের মনোবল বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে সহায়ক হবে। এ ক্ষেত্রে ইন্সপেক্টর থেকে কনস্টেবল পদ পর্যন্ত ওভারটাইম ভাতা বিবেচনা করা হতে পারে।

এ ছাড়া পুলিশের পক্ষ থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ‘জঙ্গল সলিমপুর’ এলাকায় পুলিশ ও র‍্যাবের দুটি প্রশিক্ষণকেন্দ্র তৈরির দাবি করা হয়েছে।

এই দাবির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী একমত পোষণ করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করে বলেন, পুলিশ ও সশস্ত্রবাহিনীসহ মিলে জঙ্গল সলিমপুরকে এখন শান্ত করেছে। এখানে অনেক জায়গা। এই জায়গায় দুটি প্রশিক্ষণকেন্দ্র করা যায়। সেখানে ইতিমধ্যে পুলিশ ও র‍্যাব রয়েছে। তারা সার্বক্ষণিক এলাকাটি পাহারা দিচ্ছে, পুলিশের যেহেতু প্রশিক্ষণকেন্দ্র নেই, তাই এখানে প্রশিক্ষণকেন্দ্র করা যায়।

এ ছাড়া পুলিশ আলাদা স্কুল করার প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন।

অপর দিকে, পুলিশ হাসপাতাল তৈরি, পুলিশের পরিবেশ ইউনিট গঠন, নিয়মিত পদোন্নতি ও পদায়নের দাবি করেন পুলিশ কর্মকর্তারা। এর জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে গতকাল সকালে রাজারবাগ পুলিশ লাইনসে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৩ মে পর্যন্ত পুলিশ সপ্তাহ চলবে। তবে এ বছর বিতর্ক হওয়ায় ১০৭ জন পুলিশ সদস্যকে নির্বাচন করার পরও শেষ মুহূর্তে বিপিএম ও পিপিএম পদক স্থগিত করা হয়। এ বিষয়ে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পুলিশ পদকের প্রজ্ঞাপন জারিসংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রক্রিয়াগত কার্যক্রম চলমান রয়েছে।

বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর হচ্ছে আহমদ ছফার কবর

রাঙামাটির চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায়ের স্ত্রীকে সতর্ক করল জেলা প্রশাসন

পুলিশের জঙ্গিবিরোধী ইউনিট থাকছে না

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, ২ জুনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন

হামের চিকিৎসায় জেলা–উপজেলায় বিশেষায়িত ইউনিট স্থাপন চেয়ে রিট

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সৌদি আরবে পৌঁছেছেন ৫০৯০৪ বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু হয়েছে ১২ জনের

মানবতাবিরোধী অপরাধ: নানক–তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ ৮ জুন

১০ মামলায় আইভীর জামিন বহাল

পুলিশ চলবে আইন অনুযায়ী, কোনো দলের হয়ে নয়: প্রধানমন্ত্রী