হোম > জাতীয়

যৌথ বিনিয়োগে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের সম্ভাবনা যাচাইয়ে প্রগতি ইন্ডাস্ট্রিজকে পরামর্শ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

যৌথ বিনিয়োগের মাধ্যমে দেশে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের সম্ভাবনা যাচাই করতে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে পরামর্শ দিয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত কমিটি। এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব ও উপস্থাপনা পরবর্তী বৈঠকে তুলে ধরতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিটির নবম বৈঠকে এ বিষয়ে আলোচনা ও এ নির্দেশনা দেওয়া হয়। সরকারের বৈদ্যুতিক যানবাহন (ইভি) নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি), বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) অধীন প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা, লাভ-লোকসান, বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া বিএসইসির অধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর লোকসানের কারণ চিহ্নিত করে তা কমাতে প্রতিষ্ঠানভিত্তিক কর্মপরিকল্পনা নেওয়ার সুপারিশ করা হয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলোর মালিকানা ও মামলা-সংক্রান্ত জটিলতা নিরসন, অব্যবহৃত জমি ও সম্পদের যথাযথ ব্যবহার এবং প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএসএফআইসির অধীন বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু, আখের উৎপাদন বাড়ানো ও কৃষকদের আখ চাষে উৎসাহিত করার বিষয়েও আলোচনা হয়। দেশের চিনির চাহিদার তুলনায় দেশীয় উৎপাদন কম হওয়ায় চিনিকলগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বিসিকের অধীন ৮৪টি শিল্প নগরীর কার্যক্রম পর্যালোচনা করে যেসব শিল্প প্লটে উৎপাদন বন্ধ রয়েছে বা কাঙ্ক্ষিত মাত্রায় পরিচালিত হচ্ছে না, সেগুলোর সমস্যা ও কারণ চিহ্নিত করে বিস্তারিত প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়।

কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এবং মোহাম্মদ কামাল হোসেন।