হোম > জাতীয়

আমরা পাকিস্তানের সঙ্গে ৭১-এর প্রশ্নটির সমাধান করতে চাই: উপদেষ্টা নাহিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের আদর্শে ১৯৭১ ছিল ‘ইতিহাসের শেষ অধ্যায়’। কিন্তু আমরা মনে করি, এটি ইতিহাসের ধারাবাহিকতা। ১৯৪৭ বা পাকিস্তান আন্দোলন ছাড়া বাংলাদেশ প্রতিষ্ঠা হতো না। আমরা পাকিস্তানের সঙ্গে ৭১-এর প্রশ্নটির সমাধান করতে চাই।

আজ সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অফিসকক্ষে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফের সঙ্গে সাক্ষাতের পর নাহিদ সাংবািদকদের এসব কথা বলেন। সাক্ষাতে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনার শুরুতে পাকিস্তান হাইকমিশনারকেকে সাক্ষাৎ করতে আসার জন্য ধন্যবাদ জানান নাহিদ ইসলাম। সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানান পাকিস্তান হাইকমিশনার।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ এবং পাকিস্তান দুদেশ‌ই খুব ভালো করছে। তাই এক্ষেত্রে উভয় দেশ যৌথভাবে কাজ করতে পারে।

নাহিদ ইসলাম বলেন, ‘উপনিবেশবিরোধী লড়াই থেকে শুরু করে পাকিস্তান আন্দোলন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের জনগণের দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ইন্দো-মুসলিম সভ্যতার অংশ হিসেবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ-পাকিস্তানের সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্ক রয়েছে। একটি গণতান্ত্রিক ও ভারসাম্যপূর্ণ দক্ষিণ এশিয়া গড়তে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক জোরদার প্রয়োজন। মুসলিম প্রধান দেশ হিসেবেও পাকিস্তানের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের গভীর বন্ধন রয়েছে। যদিও বাংলা ভাষা ও সংস্কৃতি বাংলাদেশকে বিশেষত্ব দিয়েছে।’

পাকিস্তানি হাইকমিশনার বলেন, ‘আমরা ১৯৭১-এর প্রশ্নটিকে সমাধান করতে চাই। কিন্তু গত সরকার আমাদেরকে আলোচনার কোনো সুযোগ দেয়নি এবং ইচ্ছে করেই ৭১ ইস্যুটাকে জিইয়ে রাখত। চাইলে বহু আগেই এটির সমাধান করা যেত। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী।’

নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৭১ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আওয়ামী লীগের আদর্শে ১৯৭১ ছিল ‘ইতিহাসের শেষ অধ্যায়’। কিন্তু আমরা মনে করি এটি ইতিহাসের ধারাবাহিকতা। ১৯৪৭ বা পাকিস্তান আন্দোলন ছাড়া বাংলাদেশ প্রতিষ্ঠা হতো না। আমরা পাকিস্তানের সঙ্গে ৭১ এর প্রশ্নটিকে সমাধান করতে চাই। একটি গণতান্ত্রিক দক্ষিণ এশিয়ার জন্য আমাদের পরস্পরের সঙ্গে সম্পর্ক মজবুত করা প্রয়োজন। আমরা  বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে যেকোনো দেশের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী।’

বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাকিস্তানি চ্যানেল দেখা যায় না সে বিষয়ে হাইকমিশনার উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

বন্যা দুর্গতদের জন্য পাকিস্তান হাইকমিশনার সহযোগিতার প্রস্তাব দিলে উপদেষ্টা বলেন, বর্তমানে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। প্রয়োজন হলে জানানো হবে।

গত ১৫ বছর ‘সম্পূর্ণ রাজনৈতিক কারণে’ ভিসা প্রদানের ক্ষেত্রে এবং এয়ারপোর্টে হয়রানির অভিযোগ তুলে সমস্যা সমাধানে তিনি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

বৈঠকে মিডিয়া, ক্রীড়া, যুব ও সংস্কৃতি এবং তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। হাইকমিশনার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট বিজয়ে অভিনন্দন জানান।পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে আলোচনা শেষ হয়।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, কাউন্সিলর কামরান দাঙ্গাল, বাণিজ্যিক কর্মকর্তা জায়িন আজিজ‌ এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

আযমীসহ সাবেক ১৫০ সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

আইজিপির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৯৫ বারের মতো পেছাল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

কালিমাখচিত পতাকার সম্মান রক্ষায় ওলামা মাশায়েখদের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের সভা

কালিমাখচিত পতাকা ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে আলেম-ওলামাদের বিবৃতি

হজের প্রাক্‌-নিবন্ধন শুরু, হজযাত্রীদের দিতে হবে যেসব তথ্য

হোলি আর্টিজান ট্র্যাজেডির ১০ বছর: ৭ জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করল জাইকা

দ্রুতই শুরু হবে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী

দুদক কমিশনার নিয়োগে জীবনবৃত্তান্ত চেয়েছে বাছাই কমিটি, আবেদন যেভাবে