হোম > জাতীয়

কাজ করতে বাধাগ্রস্ত হলে মনোবল একটু দুর্বল হয়ে যায়: আইজিপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির

দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরা সন্ত্রাসীদের হামলার শিকার হলে তাঁদের মনোবল দুর্বল হয়ে যায় বলে মন্তব্য করেছেন বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, পুলিশ কাজ করতে গেলে পদে পদে যদি বাধাগ্রস্ত হয়, তাহলে মনোবল একটু দুর্বল হয়ে যায়। দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করা হলে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে না। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে কোনো পুলিশ সদস্য সন্ত্রাসী বা বিপথগামী ব্যক্তির দ্বারা আক্রান্ত হলে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খুলনায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক মো. শাহ আলমকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সেখানে উপস্থিত ছিলেন। হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আইজিপি বলেন, জুলাই অভ্যুত্থানের পর থানায় ঘেরাও ও রাস্তাঘাটে পুলিশের ওপর হামলার মতো ঘটনা ঘটেছিল। সৃষ্ট বিশৃঙ্খলা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে সন্ত্রাসীদের কোনো মানবিক মূল্যবোধ নেই। আইন প্রয়োগ করতে হলে নাগরিকদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং পুলিশকে কার্যকরভাবে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে।

দেশব্যাপী কাজ করতে গিয়ে সন্ত্রাসীরা মাঝে মাঝে পুলিশের ওপরও চড়াও হচ্ছে বলে জানান আইজিপি। তিনি বলেন, ‘পুলিশ দেশব্যাপী কাজ করছে। মাঝে মাঝে সন্ত্রাসীরা পুলিশের ওপরও চড়াও হচ্ছে। আমার আহ্বান—দেশে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য নাগরিকদেরও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।’

পুলিশ বাহিনীর প্রধান বলেন, সারা দেশে মাদক কারবারি, ছিনতাইকারী, কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। গত শুক্রবার (৯ অক্টোবর) রাতে খুলনার দৌলতপুর এলাকায় অভিযান পরিচালনা শেষে বাসায় ফেরার পথে পুলিশ পরিদর্শক শাহ আলম ছিনতাইকারীদের হামলার শিকার হন। তিনি তখন সাদা পোশাকে ছিলেন। তিন ছিনতাইকারী তাঁর পথ রোধ করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাঁর দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়। এতে তাঁর দুই হাতের ১২টি রগ কেটে যায়।

আইজিপি বলেন, গুরুতর আহত অবস্থায় শাহ আলমকে প্রথমে খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি সুস্থতার দিকে যাচ্ছেন এবং মোটামুটি ভালো অবস্থায় রয়েছেন।

সাংবাদিকদের উদ্দেশে আইজিপি বলেন, পুলিশ ও সাংবাদিকেরা নিজ নিজ অবস্থান থেকে ২৪ ঘণ্টা কাজ করেন। সাংবাদিকেরা সমাজের দর্পণ। পুলিশের কার্যক্রমের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনগণের স্বস্তির বিষয়গুলো সংবাদমাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ জানান তিনি।

দুর্গাপূজার নিরাপত্তা

আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আইজিপি আলী হোসেন ফকির বলেন, পূজা উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দেশের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। জেলা, বিভাগ ও উপজেলা পর্যায়েও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় সভা হয়েছে।

আলী হোসেন ফকির বলেন, পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। কোথাও কোনো অনিয়ম দেখা গেলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। পূজা উদ্‌যাপন কমিটিও পুলিশের কার্যক্রমে সন্তুষ্ট বলে জানান তিনি।

নারীকে যৌন হয়রানি ও প্রতিবাদকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন

সম্প্রতি এক নারীকে যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে ভুক্তভোগীর মামাকে আইনের আওতায় আনার প্রসঙ্গটি আনেন এক সাংবাদিক। এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ সদস্য উপস্থিত থাকা সত্ত্বেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

জবাবে আইজিপি বলেন, পুলিশ সহায়তা না করে থাকলে বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, ভাগনিকে যৌন হয়রানির ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে তাঁর মামা কেন আইনের আওতায় এলেন, সেটিও তিনি খতিয়ে দেখবেন।

বিষয়টি তিনি নিজে তদন্ত করে দেখবেন বলে জানান আইজিপি।

অপরাধপ্রবণ এলাকায় নজরদারি

রাজধানীর অপরাধপ্রবণ এলাকায় সাম্প্রতিক গুলির ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এসব এলাকায় শুধু বাড়তি নজরদারি নয়, বরং ব্যাপক আকারে যৌথ চেকপোস্ট ও যৌথ অভিযান চালানো হচ্ছে।

চলমান অভিযানের মাধ্যমে এসব অপরাধ দ্রুত নির্মূল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন পুলিশ মহাপরিদর্শক।