হোম > জাতীয়

নাসীরুদ্দীন পাটওয়ারীর কথাবার্তা অসংলগ্ন ও ভারসাম্যহীন, জবাব দিতে চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সালাহউদ্দিন আহমেদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: আজকের পত্রিকা

সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আটকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস। এ বিষয়ে তাঁর পর্যায় থেকে কোনো মন্তব্য করা সমীচীন মনে করেন না বলে জানান তিনি।

আজ রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনার একপর্যায়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা বলছে, নয় দলের নয় দফা মেনে নিলে ককটেল বিস্ফোরণ হবে না, তাতে করে কী বোঝায়? দাবি মানার জন্য ককটেল মারা হচ্ছে?’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমি নয় দল এ জন্যই বলছি, আগে বোধহয় ১১ দল ছিল। দুই দল মনে হয় বেরিয়ে গেছে। চরমোনাই পীর সাহেবের দল বোধহয় এখন নেই। আর একটা খেলাফত মজলিস নামে আরেকটা পার্টিও বোধহয় নেই। তো সংখ্যা বোধহয় ৯-এ দাঁড়িয়েছে, দফাও ৯টা।’

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন ওই ৯ দফা মেনে নিলে আর কোনো ঠুসঠাস হবে না, এটাই তো তাঁর বক্তব্য? এই সমস্ত বক্তব্যের মধ্য দিয়ে তারা নিজেরাই প্রমাণ করছে যে, তারা জড়িত এই বিষয়ে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আপনারা অ্যানালাইসিস করবেন। তবে আমি কোনো ওই লেভেলের লোকের ভারসাম্যহীন এবং অসংলগ্ন কথাবার্তার জবাব দিতে চাই না।’