শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চব্বিশের অভ্যুত্থানে সনাতন শহীদদের আত্মত্যাগ নিয়ে লেখা বই ‘বিসর্জন: জুলাই গণ-অভ্যুত্থানের সনাতন শহীদেরা’ প্রকাশ করেছে জুলাই গণ-অভ্যুত্থাণ স্মৃতি জাদুঘর।
আজ সোমবার বইটি প্রকাশ করা হয়েছে বলে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৫০ টাকা মুদ্রিত মূল্যের ‘বিসর্জন’ শীর্ষক প্রকাশনাটি জুলাই জাদুঘরসহ দেশের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে।
বইটির প্রকাশনা সম্পর্কে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ বলেন, ‘চব্বিশের জুলাইয়ে আমরা দেখলাম, আওয়ামী লীগের তথাকথিত দেশপ্রেমের যে রাজনীতি হয়ে দাঁড়িয়েছিল নিজের ক্ষমতার রক্ষার রাজনীতি।’ এই ক্ষমতা রক্ষার জন্য নির্বিচারে হত্যা করা হয়েছে সাধারণ মানুষকে।
এহ্সান মাহমুদ বলেন, ‘‘বিসর্জন’ প্রকাশনায় চব্বিশের গণ-অভ্যুত্থানে সনাতন শহীদের কথা সংকলিত হলো। শারদীয় দুর্গা উৎসবে আমরা তাঁদের স্মরণ করি গভীর মমতা ও ভালোবাসায়।’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘ ১৬ বছরের দুঃশাসনের পর চব্বিশের অভ্যুত্থানে হাজারো মানুষের প্রাণের বিনিময়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। তাতে শহীদ হন সনাতন ধর্মের ৯ জন। তাঁরা হলেন শ্রী শুভ শীল, রিয়া গোপ, হৃদয় চন্দ্র তরুয়া, সৈকত চন্দ্র দে, তনয় চন্দ্র দাস, রিপন চন্দ্র শীল, রুদ্র সেন, দীপ্ত দে, গঙ্গা চরন রাজ বংশী।
জুলাই জাদুঘরে সনাতন শহীদসহ চব্বিশের অভ্যুত্থানে আত্মত্যাগকারী পাঁচ শতাধিক শহীদের স্মৃতিস্মারক সংরক্ষণ করা হয়েছে। ২০২৬ সালের ৫ আগস্ট জুলাই জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে প্রকাশিত ‘বিসর্জন: জুলাই গণ-অভ্যুত্থানের সনাতন শহীদেরা’ বাংলা ভাষায় সনাতন শহীদদের নিয়ে প্রথম প্রকাশনা।