সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নির্মাণের খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
আজ বুধবার ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
আহমেদ আযম খান বলেন, কয়েক দিন আগে একটা অনলাইন পত্রিকায় এ বিষয়ে ‘অত্যন্ত ভুলভাবে’ খবরটি এসেছে।
তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই যে, এই সোহরাওয়ার্দী উদ্যানের যে স্বাধীনতা স্তম্ভটা, সেই স্বাধীনতা স্তম্ভটা কীভাবে সম্পন্ন করা যায়, এটা নিয়ে আমরা আলোচনা করছি। পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের স্থলে ফোয়ারা হচ্ছে —এ নিয়ে আমাদের কোনো রকমের আলোচনা বা এ নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি।’
মন্ত্রী আরও বলেন, ‘পত্রিকায় যেটা এসেছে যে, সারেন্ডারের পরিবর্তে ফোয়ারা —এগুলো একদমই সঠিক না। আমরা কিন্তু আমাদের মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছি। আপনারা সেই ফেসবুক স্ট্যাটাস অনেকেই নিশ্চয়ই পড়েছেন, না পড়লেও আপনারা পড়বেন, আমাদের বক্তব্য এখানে স্পষ্ট।’
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, তাঁরা বাংলাদেশ এবং ভারতের বিষয়ে সৌজন্য মতবিনিময় করেছেন। এর বাইরে কোনো আলোচনা হয়নি। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা—জানতে চাইলে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়েও আমাদের মাঝে কোনো আলোচনা হয়নি। ওটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর বা ওনার মুখপাত্র, তারাই আলোচনা করবেন। আমাদের শুধুমাত্র একটা সৌজন্য সাক্ষাৎ ছিল আজকে।’