হোম > জাতীয়

ভিন্নতার মাঝে ঐক্যই মূলনীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতিমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: সংগৃহীত

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘গণতান্ত্রিক সমাজে বিভিন্ন মত ও আদর্শ থাকবেই আর এই বৈচিত্র্যের মাঝে ঐক্য আনাই আমাদের নীতি। সংবিধানে স্পষ্ট বলা আছে, আইনের দৃষ্টিতে রাষ্ট্রের সকল নাগরিক সমান। জাতিগতভাবে আমরা বাঙালি হলেও ভৌগোলিক সীমারেখায় আমরা সবাই বাংলাদেশি। আমাদের লক্ষ্য বিভাজন বা সংঘাত নয়, বরং শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করা।’

আজ শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে মহানগর সর্বজনীন পূজা কমিটির আয়োজনে ‘মহানগর পরিবার দিবস উদ্বোধন, গুণীজন সম্মাননা ও কৃতী শিক্ষার্থীদের মেধা বৃত্তি’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার প্রথম দিন থেকেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কাজ শুরু করেছে। আমাদের সরকার জনগণের সরকার! তাই কে ভোট দিয়েছে, আর কে দেয়নি—সেটি বিবেচনা না করে আমরা সবার জন্যই কাজ করব।’

সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা ও বৈষম্য প্রসঙ্গে মন্ত্রী আশ্বস্ত করে বলেন, ‘আপনাদের যেখানে ব্যথা, আমারও সেখানেই ব্যথা। এগুলো নিয়ে চিন্তার কারণ নেই, সরকারের ঘোষিত নীতি অনুসারে সব সমস্যা সমাধান করা হবে। গত নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায় নীতিগতভাবে ধানের শীষে ভোট দিয়ে যে সমর্থন দেখিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ।’

ঢাকেশ্বরী মন্দিরকে ঐতিহ্যবাহী স্থান হিসেবে সংরক্ষণের ঘোষণা দিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এই মন্দিরকে সংরক্ষণ ও উন্নয়নের আওতায় নেওয়া হবে, যাতে এর ঐতিহাসিক মর্যাদা অক্ষুণ্ন থাকে।

মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মো. হামিদুর রহমান, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধর, সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ শ্রী দেবাশীষ পাল।

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বিএনপি এমপির বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জ