হোম > জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি, প্রার্থী চূড়ান্ত করে প্রধানমন্ত্রীই এ ঘোষণা দেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিফ হুইপ এসব কথা জানান।

এক প্রশ্নের জবাবে নূরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের ভেতরে ও স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা বৈঠক হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই আমরা যোগ্য প্রার্থীর নাম যথাসময়ে দেশবাসীর সামনে তুলে ধরব।

রাষ্ট্রের সর্বোচ্চ পদে কেমন প্রার্থীকে দেখা যেতে পারে—এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, বিএনপি সব সময় যোগ্য এবং সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করে।

নূরুল ইসলাম মনি আরও বলেন, বিএনপির দলীয় প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীকে প্রার্থী চূড়ান্ত করতে দায়িত্ব দিয়েছে দল, তিনি প্রার্থী ঘোষণা করবেন।

রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার জাতীয় সংসদের কেবিনেট কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চিফ হুইপ মো. নূরুল ইসলাম, বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং হুইপ মো. জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া, এ বি এম আশরাফ উদ্দিন নিজান অংশগ্রহণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।