হোম > জাতীয়

জিয়াউলের অপরাধ সমুদ্রসমান, সেই তুলনায় মৃত্যুদণ্ড শিশির কণা: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান একজন নৃশংস খুনি, মানবতাবিরোধী অপরাধী, আন্তর্জাতিক আইনে স্বীকৃত ঘৃণ্য বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার এবং বিশ্ব মানবতার কলঙ্ক। তাঁর অপরাধ সমুদ্রসমান, তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা।

আজ বৃহস্পতিবার জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘তবে আমাদের মেনে নিতে হবে যে, সভ্যতার সীমাবদ্ধতা রয়েছে, বিচারব্যবস্থারও সীমাবদ্ধতা রয়েছে। একজন ব্যক্তি শত সহস্রাধিক মানুষকে হত্যা করলেও তাঁকে একবারের বেশি চরম সাজা (ফাঁসি) দেওয়া যায় না। তাই সব সীমাবদ্ধতা স্বীকার করে আইন যে সর্বোচ্চ শাস্তির বিধান রেখেছে, প্রসিকিউশনের পক্ষ থেকে তা প্রয়োগের দাবি জানাই।’

আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার তৃতীয় দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল ছাড়াও চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হলে আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী রোববার দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এ দিন যুক্তিতর্ক উপস্থাপনের পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চুয়ালি অংশ নেন।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ আন্তর্জাতিক আইনে স্বীকৃত গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। এসব অপরাধের শিকার শুধু কয়েকজন ব্যক্তি নন। এসব অপরাধ আঘাত করেছে মানুষের জীবন, মর্যাদা, স্বাধীনতা এবং সমগ্র মানবসমাজের বিবেককে। তাই এই বিচার কেবল কিছু ভুক্তভোগীর জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয় নয়। এটি সমগ্র মানবতার প্রতি সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত করার বিচার।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, অভিযুক্ত আসামি একজন চাকরিচ্যুত সেনাসদস্য। যে বাহিনীর দায়িত্ব ছিল মানুষকে রক্ষা করা। সেই বাহিনীর কিছু সদস্য যখন নিজের দেশের মানুষের ওপরই অস্ত্র তাক করেন, তখন তা শুধু দায়িত্বে অবহেলা বা ক্ষমতার অপব্যবহার থাকে না। মানুষকে তুলে নিয়ে যাওয়া, গোপন জায়গায় আটকে রাখা, নির্যাতন করা, গুলি করে হত্যা করা, মরদেহ গুম করা এবং পরে সবকিছু অস্বীকার করা—এসব যখন বিচ্ছিন্ন ঘটনা না হয়ে বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণের অংশ হয়ে ওঠে, তখন তা মানবতাবিরোধী অপরাধে রূপ নেয়।

রুহুল কুদ্দুস কাজল বলেন, অনেকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের শিকার হয়েছেন। একজন মানুষকে ধরে নিয়ে হত্যা করা হলে শুধু একজন মানুষ মারা যান না। তার সঙ্গে একটি পরিবারের স্বাভাবিক জীবনযাপনও ভেঙে পড়ে। রাষ্ট্রের অস্ত্র জনগণের নিরাপত্তার জন্য, জনগণের জীবন কেড়ে নেওয়ার জন্য নয়। কোনো পদ, দায়িত্ব, ইউনিফর্ম কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পরিচয় কাউকে এসব অপরাধ থেকে দায়মুক্তি দিতে পারে না।

জিয়াউল আহসান সম্পর্কে ব্যারিস্টার কাজল বলেন, অপরাধের সংখ্যা, নিষ্ঠুরতা এবং মানুষের জীবনে এর ভয়াবহ প্রভাব বিবেচনায় তার অপরাধের জন্য কোনো শাস্তিই যথেষ্ট নয়। একবার মৃত্যুদণ্ডের সাজা—এত মানুষের রক্তপাত, প্রাণহানি, পরিবার ও স্বজনদের দুর্ভোগের তুলনায় অতি সামান্য। তবে অপরাধের বিচার হতে হবে। বিচার না হলে অপরাধের শিকার মানুষ ও তাদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন। রাষ্ট্রব্যবস্থার ওপর জনগণের আস্থা থাকবে না। এরকম নৃশংস অপরাধীর দৃষ্টান্তমূলক সাজা না হলে সভ্যতা টিকে থাকবে না।

দার্শনিকের উদ্ধৃতি টেনে অ্যাটর্নি জেনারেল বলেন, দার্শনিক হেগেল বলেছেন, শাস্তি পাওয়া অপরাধীর অধিকার। লিগ্যাল ফিলসফার হারবার্ট মরিস বলেছেন, শাস্তি পাওয়া অপরাধীর মৌলিক অধিকার। অন্যথায়, ধরে নেওয়া হতে পারে সমাজ বা রাষ্ট্র অপরাধীকে বোধ-বুদ্ধিসম্পন্ন মানুষ হিসেবে বিবেচনা করছে না। বিচার না হলে অপরাধের শিকার মানুষ ও তাদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন।