হোম > জাতীয়

সংসদীয় কমিটির সভা

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা আয়োজন করার সুপারিশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী প্রতিভা জাগ্রত করতে স্কুল ও কলেজ পর্যায়ে জাঁকজমকপূর্ণভাবে বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। নতুন উদ্ভাবন এবং তা বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে কার্যকর পদক্ষেপ নিতেও মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।

জাতীয় সংসদ ভবনে আজ বুধবার এই সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে বৈঠক আরও অংশ নেন কমিটির সদস্য বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, এ জেড এম রেজওয়ানুল হক, আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ফাহিম চৌধুরী, কে এম বাবর, সানসিলা জেবরিন, সালাহ উদ্দিন, মারদিয়া মমতাজ ও আব্দুল গফুর।

স্বাগত বক্তব্যে কমিটির সভাপতি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বৈঠকে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়।