হোম > জাতীয়

বিমানবন্দরে যাত্রীসেবায় বিনা মূল্যের শাটল সার্ভিস চালু

বিশেষ প্রতিনিধি, ঢাকা

শাটল সার্ভিসের উদ্বোধন করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের চলাচল আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিনা মূল্যের শাটল সার্ভিস চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আজ বুধবার বিমানবন্দরের ক্যানোপি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

বেবিচক জানায়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দিকনির্দেশনা এবং বেবিচক চেয়ারম্যানের তত্ত্বাবধানে সংস্থাটির নিজস্ব অর্থায়নে এই শাটল সার্ভিস পরিচালিত হবে।

প্রাথমিকভাবে শাটল বাস তিনটি রুটে চলাচল করবে—বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসীমউদ্দীন মোড় থেকে বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর।

এ সেবার মাধ্যমে যাত্রীরা সম্পূর্ণ বিনা মূল্যে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলোর মধ্যে দ্রুত ও নিরাপদে যাতায়াত করতে পারবেন। বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত ব্যক্তি এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীদের জন্য এটি উল্লেখযোগ্য সুবিধা সৃষ্টি করবে বলে জানিয়েছে বেবিচক।

এ ছাড়া ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট নিরসন, পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং সামগ্রিক যাত্রীসেবার মানোন্নয়নেও এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে বেবিচক ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে বিনা মূল্যের শাটল সার্ভিস চালু করা হয়েছে, যা যাত্রীদের সময় সাশ্রয়, নিরাপদ চলাচল এবং উন্নত সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।

তিনি বলেন, ‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’—এই অঙ্গীকার বাস্তবায়নে ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানের সেবা প্রদানে সময়োপযোগী উদ্যোগ অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন অংশীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় নির্বাচনে ভোট দিতে পুরুষ গড়ে ৪৮ সেকেন্ড ও নারী ৫৮ সেকেন্ড পাবেন

চট্টগ্রাম-২: সন্ধ্যা ৭টায় শপথ নিচ্ছেন সারোয়ার আলমগীর

কয়েক দিনে পাহাড়ধসে ৩০ জন মারা গেছে: সংসদে ত্রাণমন্ত্রী

খাদ্যপণ্যে ভেজাল থাকলেও মাদকে ভেজাল থাকে না: সংসদে জামায়াতের এমপি সাবিকুন্নাহার

মধ্যপ্রাচ্য থেকে ১৮৬ জনকে ফেরানো হয়েছে, রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিহত ৪: সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী

খেলতে, বাড়িতে ও ওমরাহ পালনে গিয়ে নিখোঁজ, ৩ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা

চূড়ান্ত ভোটার তালিকা কবে প্রকাশ হবে, জানাল ইসি

‘আমার কথায় ছেলে বিসিবি থেকে পদত্যাগ করেছে, তা কেউ হাইলাইট করে না’

১১ কোটি নাগরিকের তথ্য ফাঁস: ইসি ও বিসিসির নথি চেয়ে দুদকের চিঠি