হোম > জাতীয়

সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গার্মেন্টস কর্মী হত্যা মামলায় গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কাজী হাবিবুল আউয়াল। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর আদাবর থানা এলাকায় গার্মেন্টসকর্মী রুবেলের মৃত্যুর ঘটনায় দায়ের হত্যা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন আশরাফুল হক তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

এ দিন মামলার শুনানি উপলক্ষে হাবিবুল আউয়ালকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদাবর থানায় দায়ের এই হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। পরে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট রুবেলসহ কয়েক শ ছাত্র-জনতা বেলা ১১টার দিকে আদাবর থানার রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করেন। এ সময় পুলিশ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাতী লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগের নেতা-কর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় ওই বছরের ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

২০২৫ সালের ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আছেন।