প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংসদে প্রতিবন্ধিতা অধিকারবিষয়ক একটি ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ককাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জামায়াতে ইসলামীর মহিলা শাখার সম্পাদক নুরুন্নিসা সিদ্দিকী সহ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন।
শনিবার ঢাকায় ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকারবিষয়ক সংসদীয় ককাস গঠন’ শীর্ষক উচ্চপর্যায়ের পরামর্শ সভায় এ তথ্য জানানো হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সাইটসেভার্স, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) ও ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন
ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বারডো) যৌথভাবে এ সভার আয়োজন করে।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা প্রস্তাবিত ককাসের সদস্য হওয়ার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতিও দেন তাঁরা।
সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। এ ছাড়া মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, মাহবুবা হাকিম, নাজমুন নাহার, নুসরাত তাবাসসুম জ্যোতি, নিলোফার চৌধুরী মনি, সানসিলা জেবরিন ও তাসমিয়া প্রধানসহ বিভিন্ন দলের সংসদ সদস্যরা অংশ নেন।
সভায় অংশ নেওয়া সংসদ সদস্যরা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা প্রয়োজন। আইন প্রণয়ন, নীতি তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে সংসদের ভেতরে একটি বিশেষ প্ল্যাটফর্ম প্রয়োজন বলেও তাঁরা মত দেন।