হোম > জাতীয়

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানসিক স্বাস্থ্য সুরক্ষা জরুরি: মহিলা পরিষদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার বিকেলে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ-প্রতিকার, মানসিক স্বাস্থ্য এবং করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি আজকের পত্রিকা

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারের পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি বলেছে, সহিংসতার শিকার নারী ও শিশুদের পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি সুরক্ষায় মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।

রাজধানীতে মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে মঙ্গলবার বিকেলে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ-প্রতিকার, মানসিক স্বাস্থ্য এবং করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ডা. মেহজাবিন হক বলেন, কেউ ধর্ষক বা নির্যাতনকারী হিসেবে জন্ম নেয় না; সামাজিক নানা নেতিবাচক প্রক্রিয়া তাকে অপরাধী হওয়ার দিকে ঠেলে দেয়। তাই শিশুদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করা এবং পরিবার ও প্রতিবেশীদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নির্যাতনের ঘটনা গোপন রাখার প্রবণতা ভুক্তভোগীর মানসিক কষ্ট আরও বাড়িয়ে দেয়।

বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. এম এম এ সালাউদ্দিন কাউসার বলেন, স্কুল-কলেজে সহিংসতা ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে। পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, ফটো কার্ড, পডকাস্ট ও রিলস তৈরির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহবুবা কানিজ কেয়া বলেন, সহিংসতার শিকার নারীদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তায় সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ এবং সেবাদাতা ও ভুক্তভোগীদের স্ট্রেস ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

স্বাগত বক্তব্যে মালেকা বানু বলেন, ধারাবাহিক সহিংসতার কারণে নারী ও কন্যাদের মানসিক স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাম্প্রতিক সময়ে আত্মহত্যার ঘটনা বৃদ্ধিও এ সংকটের গভীরতার ইঙ্গিত দেয়।

সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, নারী নির্যাতন প্রতিরোধ, প্রতিকার ও পুনর্বাসনের প্রতিটি ধাপে মানসিক স্বাস্থ্যকে সমান গুরুত্ব দিতে হবে। ভুক্তভোগী, অপরাধী এবং সেবাদানকারী—এই তিন পক্ষের মানসিক স্বাস্থ্য বিবেচনায় নিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য দেন মনোবিজ্ঞানী এনজেলা খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও কাউন্সেলিং সাইকোলজিস্ট সাদেকা বানু, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নুজহাত-ই-রহমান প্রমুখ।

পুরো চট্টগ্রাম আজ পানিতে ভাসছে: সংসদে শাহজাহান চৌধুরী

সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি মোহাম্মদ তাহের

ভিসা নীতিমালার খসড়া চূড়ান্তে মন্ত্রিসভা কমিটি

কাঁঠাল রপ্তানি হবে চীনে: সংসদে প্রধানমন্ত্রী

তিন মন্ত্রীর অনুপস্থিতিতে অসমাপ্ত প্রশ্নোত্তর স্থগিত

১০ জেলায় বন্যার শঙ্কা, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি

প্রতিরক্ষা শিল্পাঞ্চল স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন আছে: সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে সতর্কবার্তা

১ যুগ পর রূপালী ব্যাংকের নিয়োগে অনিয়ম অনুসন্ধানে দুদক

অনেক শিক্ষক সংসার চালাতে দ্বিতীয় কাজে বাধ্য হন: সংসদে প্রধানমন্ত্রী