হোম > জাতীয়

পরিবেশ রক্ষায় খাল-নদীদূষণ রোধে পদক্ষেপ নেওয়া হচ্ছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মঙ্গলবার ঢাবিতে আয়োজিত ‘পিপলস ম্যান্ডেট: সিটিজেন ডায়ালগ অন ম্যানিফেস্টু টু অ্যাকশন’ শীর্ষক অনুষ্ঠানে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, পরিবেশ ও জলবায়ুসংকট মোকাবিলায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। রাজধানীর খাল-বিল ও নদীদূষণ রোধে বাড়ির মালিকদের সেপটিক ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘পিপলস ম্যান্ডেট: সিটিজেন ডায়ালগ অন ম্যানিফেস্টো টু অ্যাকশন’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, ‘পরিবেশ ও নগর ব্যবস্থাপনা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। খাল-বিল ও নদীদূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ জন্য বাড়ির মালিকদের সেপটিক ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক করার বিষয়ে সরকার কাজ করছে।’

শাহে আলম আরও বলেন, নগর সেবা কার্যকর করতে স্থানীয় সরকারের কাঠামো পরিবর্তন করে ‘সিটি গভর্ন্যান্স’ নিয়ে ভাবার সময় এসেছে। আগামী চার বছরের মধ্যে সরকারের নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার বাস্তবায়ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা বিশ্বকে বড় ঝুঁকির মুখে ফেলেছে। অথচ বাংলাদেশ এখনো কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের দিকেই বেশি ঝুঁকছে।

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জলবায়ু পরিবর্তন দেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন নদ-নদী ও খাল-বিল খনন না করায় দখল ও দূষণ বেড়েছে। এসব দখল ও দূষণের সঙ্গে রাজনৈতিক পরিচয় ব্যবহারকারীরাও জড়িত বলে মন্তব্য করেন তিনি।

সংসদ সদস্য হান্নান মাসউদ বলেন, নদী দখলের সঙ্গে রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও জড়িত। এখনো দোষারোপের রাজনীতি চলছে। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোতালেব হোসেন সরকার বলেন, প্রতিবছর প্রায় ৯১৫ হেক্টর জমি নদীভাঙনে বিলীন হচ্ছে। এতে মানুষ উদ্বাস্তু হয়ে শহরমুখী হচ্ছে এবং নগরের ওপর চাপ বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে এই ঝুঁকি আরও বাড়ছে বলে উল্লেখ করেন তিনি।

পরিবেশবিদ শরীফ জামিল প্রশ্ন তুলে বলেন, ‘সরকার কেন নবায়নযোগ্য জ্বালানিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না?’ সেই সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোতে জোর দেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও নদীভাঙনের কারণে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়ে শহরমুখী হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিবেশবান্ধব পরিকল্পনা গ্রহণ জরুরি।

অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়, সচেতন ফাউন্ডেশন, ব্র্যাক, সিইজিআইএস, ওয়াটারকিপার্স বাংলাদেশ, ইপসাসহ বিভিন্ন সংগঠন।

হামের প্রাদুর্ভাবের কারণ তদন্তে কমিটি গঠনে রুল

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে ফেরত

গুলি করা হয়েছে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি

বিএনপি, এনসিপিসহ ২৩ দলের কাছে নির্বাচনী ব্যয়ের হিসাব চেয়ে ইসির চিঠি

জুনের শেষে পুরোদমে চালু হচ্ছে চট্টগ্রাম-ঢাকা তেল পাইপলাইন

দ্রুত এআই ও সাইবার নিরাপত্তায় প্রস্তুত হতে হবে: তথ্যমন্ত্রী

মানবাধিকার কমিশনের খসড়ায় সরকারের নিয়ন্ত্রণ বাড়বে, অভিযোগ টিআইবির

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় হাসপাতালে ‘পাগলা ঘণ্টা’ বাজাবে সরকার

সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

পুলিশ যা পারেনি, র‍্যাব তা দক্ষতার সঙ্গে পেরেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা