সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২৭ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর ও ভোট ১২ নভেম্বর।
ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে ১ অক্টোবর পদত্যাগ করেন তিনি। এতে আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।
এরপরই উপনির্বাচনের তফসিল দিল নির্বাচন কমিশন। এ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হচ্ছেন ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন। শূন্য আসনটির উপনির্বাচনে বিএনপির প্রার্থীরাই অংশ নেবে।