হোম > জাতীয়

১০ মামলায় আইভীর জামিন বহাল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

হত্যাসহ পৃথক ১০ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক পাঁচটি লিভ টু আপিল খারিজ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। একই সঙ্গে অপর পাঁচ মামলায় আইভীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার করে এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে।

এর ফলে ১০ মামলায় তাঁর জামিন বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা। আইভীর পক্ষে ছিলেন— আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান ও এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফাতেমা আক্তার।

এর আগে আইভীকে মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বাকি দুই মামলায়ও আইভী হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে পৃথক আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। যা চেম্বার আদালতের কার্যতালিকায় আসেনি।