হোম > জাতীয়

দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসি ল্যান্ডকে প্রত্যাহার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফয়সাল আল নূর। ছবি: সংগৃহীত

অফিসে ভিডিও করায় মোবাইল ফোন কেড়ে নিয়ে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো কুমিল্লার চান্দিনার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।

এই কর্মকর্তাকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য সিলেট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কেন তাঁকে ওই দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে—প্রজ্ঞাপনে সে বিষয়ে কিছু বলা হয়নি।

কুমিল্লার চান্দিনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে বাগ্‌বিতণ্ডা ও ভিডিও করার জেরে গতকাল বুধবার দৈনিক মানবজমিনের দেবিদ্বার উপজেলা প্রতিনিধি রাসেল সরকার এবং ফেস দ্য পিপল ও কুমিল্লার স্থানীয় পত্রিকা ‘আমার শহর’-এর দেবিদ্বার প্রতিনিধি আব্দুল আলিমের ফোন কেড়ে নিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় পুলিশ এই সাংবাদিকদের হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায়। ওই দিন বিকেলে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

সাংবাদিকের হাতে হাতকড়া পরা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কুমিল্লার স্থানীয় সাংবাদিকেরা এ নিয়ে প্রতিক্রিয়া জানান।

ভুক্তভোগী সাংবাদিক আব্দুল আলিম বলেন, ‘আমার আপন খালাতো বোনের নামজারি নিয়ে গত এক বছর ধরে ঘুরাচ্ছেন এসি ল্যান্ড ফয়সাল আল নূর। বুধবার ওই নামজারির শুনানির দিন ছিল। খালাতো বোনের পক্ষ থেকে আমাকে সেখানে উপস্থিত থাকার অনুরোধ করা হলে আমার সহকর্মী মানবজমিনের প্রতিনিধি রাসেলকে নিয়ে চান্দিনায় যাই। দুপুর পৌনে ২টায় আমরা এসি ল্যান্ডকে জিজ্ঞাসা করি, শুনানিটা আজ হবে কি না। এ সময় এসি ল্যান্ড উত্তেজিত হয়ে আমাদের সঙ্গে খারাপ আচরণ শুরু করেন। আমি মোবাইল ফোন বের করে এর ভিডিও করার সময় তিনি আমার কাছ থেকে ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় আমি বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে পুলিশ ডেকে আমাদের দুজনকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যান। এ সময় আমরা বারবার তাঁকে সাংবাদিক পরিচয় দিলেও তিনি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন।’

আব্দুল আলিম জানান, থানায় নেওয়ার পর তাঁদের মোবাইল ফোন থেকে সব ছবি ও ভিডিও ডিলিট করে দেওয়া হয়। বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি করবেন না—সে বিষয়েও তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

যুবসমাজ দুর্নীতিবিরোধী আন্দোলনে নামলে অর্ধেক দুর্নীতি কমানো সম্ভব: দুদক

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

হানি ট্র্যাপে ব্যবসায়ী-চাকরিজীবীদের ব্ল্যাকমেল, অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হাতে তুলে দিলেন ক্রাউন প্রিন্সের চিঠি

১১ জুলাইয়ের মধ্যে স্বাভাবিক প্রসবকক্ষ স্থাপন না করলে সব ক্লিনিকের লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি শুরু

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

৩৪ বিচারককে বদলি

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন