সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের সঙ্গে সঙ্গে আসনটি শূন্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের এ কথা জানান স্পিকার। তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ আজ আমার অফিসে এসে লিখিতভাবে পদত্যাগপত্র দিয়ে গিয়েছেন এবং সংবিধানের বিধান মোতাবেক পদত্যাগ করা মাত্র তাঁর এই আসন শূন্য হয়ে গিয়েছে। আমরা এটি গেজেট করার জন্য পাঠিয়েছি।’
স্পিকার আরও বলেন, ‘গেজেট আসার পরে অবিলম্বে আমরা নির্বাচন কমিশনকেও জানিয়ে দেব এবং আজ থেকেই এই পদত্যাগপত্র কার্যকর হলো।’
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংসদের বিধান হলো এই যে, এমপিরা যখন পদত্যাগ করেন, কোনো কারণ উল্লেখ করেন না।