সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে করা রিটের বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ সোমবার এই সংক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চ আদেশের জন্য এই দিন ধার্য করেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ গত ১৩ আগস্ট রিটটি করেন। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল অনুযায়ী ভোট গ্রহণের তারিখ ২০ আগস্ট।
সংবিধানের ৭০ অনুচ্ছেদে যে রাজনৈতিক দলের মনোনয়নে এমপি নির্বাচিত হয় জাতীয় সংসদে সেই দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়ার বিষয়ে বলা আছে। এর আগেও ৭০ অনুচ্ছেদ নিয়ে রিট করেছিলেন একই আইনজীবী। ২০১৮ সালের ১৫ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দেন। পরে প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য একটি একক বেঞ্চে পাঠান। ওই বছরের ১৮ মার্চ একক বেঞ্চ রিটটি খারিজ করে দেন।