আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তালিকা অনুযায়ী দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। এরা আসন্ন ইউপি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
আজ বুধবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সচিব আরও জানান, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। এ তালিকায় ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত যাঁদের বয়স ১৮ হয়েছে তাঁরা যুক্ত হয়েছেন। তালিকায় যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।
মোট ভোটারের মধ্যে নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮, পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং ১ হাজার ২৯৭ জন হিজড়া ভোটার রয়েছেন।
ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে।
প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।