প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো ফেনী জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান। এই সফরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদানসহ একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। এ উপলক্ষে সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা। ফেনীর পৌঁছানোর পর জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এই সফরকে কেন্দ্র করে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।
সফরের অংশ হিসেবে দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যানিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বেলা সোয়া ১টায় প্রধানমন্ত্রী পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে যাত্রা করবেন। বেলা দেড়টায় কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বেলা ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন তিনি। সেখানে ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। বেলা সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রী বিকেল সাড়ে ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।