প্রবীণ সাংবাদিক, কলামিস্ট ও লেখক মঞ্জুরুল হক মারা গেছেন। আজ রোববার জাপানের টোকিওতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
১৯৯৪ সাল থেকে জাপানে বসবাস করে আসা মঞ্জুরুল হক দীর্ঘদিন ধরে দৈনিক প্রথম আলোর টোকিও ব্যুরোপ্রধান ও পূর্ব এশিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি নিয়মিত ইংরেজি সাময়িকী ঢাকা কুরিয়ারে কলাম লিখতেন।
জাপানের জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড-জাপানের রেডিও ব্রডকাস্টিংয়েও দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন তিনি। পাশাপাশি টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজসহ জাপানের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ২৫ বছরের বেশি সময় ভিজিটিং প্রফেসর হিসেবে অধ্যাপনা শেষে সম্প্রতি অবসর নেন।
২০০১ সালে মঞ্জুরুল হক ফরেন করেসপনডেন্টস ক্লাব অব জাপানের (এফসিসিজে) সদস্য হন। পরে তিনি সংস্থাটির পরিচালনা পর্ষদেরও একাধিকবার নির্বাচিত সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালের জুনে তিনি এফসিসিজের সভাপতি নির্বাচিত হন। তিনি ক্লাবটির আজীবন সদস্য ও নির্বাচিত অডিটর ছিলেন।
কসমস ফাউন্ডেশনের সহায়তায় কসমস বুকস প্রকাশনি তাঁর লেখা দুটি বিখ্যাত বই—আ স্টোরি অব টাইম (A Story of Time) ও আ টাইম টু ড্রিম অ্যান্ড আ টাইম অব ডিসপেয়ার (A Time to Dream and a Time of Despair) প্রকাশ করে। এ ছাড়া সাহিত্য অনুবাদ থেকে শুরু করে সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে বাংলা ভাষায় তাঁর লেখা একাধিক যৌথ বই প্রকাশিত হয়েছে।
১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধের সময় ১৮ বছর বয়সী হাইস্কুল শিক্ষার্থী হিসেবে স্বাধীনভাবে প্রকাশিত একটি নিউজলেটারের মাধ্যমে সম্মুখসারির সাংবাদিকতা শুরু করেন মঞ্জুরুল হক। ২০২২ সালে তাঁর স্মৃতিকথা ‘আ স্টোরি অব মাই টাইম’ প্রকাশের মাধ্যমে মুক্তিযুদ্ধের গৌরবময় স্মৃতিগুলো নতুন করে তুলে ধরা হয়। শিল্পী ও শিক্ষাবিদ বিশ্বজিৎ গোস্বামীর বিশেষ জলরং ও চারকোল চিত্রকর্মসমৃদ্ধ বইটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে মোড়ক উন্মোচন করা হয়েছিল।
বাংলাদেশে জন্মগ্রহণকারী মঞ্জুরুল হক মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স এবং পরে লন্ডন বিশ্ববিদ্যালয়ের দ্য স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (এসওএএস) থেকে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
১৯৮০-এর দশকের শুরুতে ঢাকায় জাতিসংঘ তথ্যকেন্দ্রে (ইউএনআইসি) তাঁর কর্মজীবন শুরু করেন। ১৯৯০ সালে তিনি লন্ডনে চলে যান এবং বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের বাংলা রেডিও অনুষ্ঠানে প্রযোজক (প্রোডিউসার) হিসেবে কাজ করেন। পরে ১৯৯৪ সাল থেকে তিনি স্থায়ীভাবে জাপানে বসবাস শুরু করেন।