হোম > জাতীয়

বাঁধনের ওপর হামলা অত্যন্ত অমার্জনীয়, নিন্দনীয় অপরাধ: ডেপুটি স্পিকার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: ভিডিও থেকে নেওয়া

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলাকে অত্যন্ত অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, এ ঘটনায় মানবতার বিরুদ্ধে অপরাধ ও নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী।

জহরত আদিব চৌধুরী বলেন, অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হামলার শিকার হয়েছেন। হামলাকারীদের ইতিমধ্যে চিহ্নিত করা গেছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপ জানতে চান তিনি।

এর পরিপ্রেক্ষিতে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘এটা (বাঁধনের ওপর হামলা) অত্যন্ত অমার্জনীয়, নিন্দনীয় অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে।’

ডেপুটি স্পিকার বলেন, সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কাউকে তিনি দেখতে পাচ্ছেন না। পররাষ্ট্র প্রতিমন্ত্রীদের কেউ সংসদে এলে এ বিষয়ে তাদের বক্তব্য শোনা হবে। তিনি বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী এক বা দুই যখনই আসেন, উনাদের বক্তব্য আমরা শুনব।’

পরে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির সংসদে উপস্থিত হলেন তিনি জানান, ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনায় রোমে বাংলাদেশ দূতাবাস ও মিলানে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল তার সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে। বাঁধন ইতালির পুলিশ ও বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিক অভিযোগ করবেন। এরপর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরার কথা জানিয়েছে বাংলাদেশ।

হুমায়ুন কবির আরও বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ বিকেলে তিনি বাঁধনের সঙ্গে কথা বলেছেন এবং এ বিষয়ে তাঁকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে স্থানীয় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে।